জ্ঞান-দক্ষতায় মানবিক মানুষ হতে হবে: ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ AM

জ্ঞান-দক্ষতায় মানবিক মানুষ হতে হবে: ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৯/২০২৬ ১২:১৫:০৮ AM

জ্ঞান-দক্ষতায় মানবিক মানুষ হতে হবে: ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক


শিক্ষার্থীদের নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি পিতা-মাতা এবং দেশের মানুষের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।

তিনি বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। বিশেষ করে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতির সময়ে বিশ্বের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন জ্ঞান ও দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেন তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। শাবিপ্রবিতে অধ্যয়নরত হবিগঞ্জের শিক্ষার্থীদের সংগঠন ‘খোয়াই বন্ধন’ এই নবীন বরণ, বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও শক্তিশালী করার আহ্বান জানিয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসি নিজেদের শিকড় ও নিজ এলাকার প্রতি দায়িত্ববোধ রাখার কথাও বলেন।

হবিগঞ্জের প্রাকৃতিক ও খনিজ সম্পদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সম্পদে সমৃদ্ধ হলেও এসব সম্পদের সুফল এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে প্রত্যাশিত মাত্রায় প্রতিফলিত হয়নি। প্রাকৃতিক ও খনিজ সম্পদকে কেন্দ্র করে বিভিন্ন শিল্পকারখানা গড়ে উঠলেও স্থানীয় মানুষের জন্য প্রত্যাশিত কর্মসংস্থান তৈরি না হওয়াকে তিনি দুঃখজনক হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, হবিগঞ্জের উন্নয়নে শিল্পায়ন প্রয়োজন। তবে সেই শিল্পায়ন হতে হবে পরিকল্পিত, পরিবেশবান্ধব ও জনকল্যাণমুখী। প্রাকৃতিক ও খনিজ সম্পদ আহরণ ও ব্যবহারের ক্ষেত্রে পরিবেশ ও প্রতিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলেও তিনি উল্লেখ করেন। এর প্রভাবে অনেক এলাকায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং কোথাও কোথাও জীবনযাপন কঠিন হয়ে উঠছে।

খোয়াই বন্ধনের সভাপতি তোহা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের আলোচনা পর্বে যৌথভাবে সঞ্চালনা করেন আদনান ফারহাত ও তুষি ঘোষ। এতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সৌরভ গোপ অয়ন।

বিশেষ অতিথির বক্তব্য দেন রসায়ন বিভাগের প্রফেসর ড. আহমদ জালাল ফরিদ-উস-সামাদ, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ রেদওয়ান, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর সৈয়দ মিছবাহ উদ্দিন, অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মাহবুবুল হাকিম শোভন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সাবিহা সুলতানা মেরিন, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের এসোসিয়েট প্রফেসর ড. হাজেরা আক্তার এবং শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক ড. মুহাম্মদ শহিদুল ইসলাম।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আজিজুল ইসলাম শামীম।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ শামীম মিয়া এবং গীতা থেকে পাঠ করেন সৌরভ চন্দ্র দাশ।

এছাড়া বক্তব্য দেন শাবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি নোমান মিয়া, শাকির আহমেদ রিপন, শাকিল হাসান, আরমান হোসেন, মোর্শেদ হাসান, জান্নাত হোসাইন রাখি ও সিয়াম আহমেদসহ অনেকে।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি বিদায়ী শিক্ষার্থী ও কমিটির সদস্যদের সম্মাননা দেওয়া হয়। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। নৈশভোজের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর