সিলেটের গোয়াইনঘাট উপজেলার বালির হাওর ও বুধিগাঁও হাওরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) টানা ৫ ঘণ্টার অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৪টি লিস্টার মেশিন ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ জনকে মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শরীফ উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
প্রশাসন সূত্রে জানা যায়, বালির হাওর ও বুধিগাঁও হাওর এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এ বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানা পুলিশের একটি দলের সহযোগিতায় টাস্কফোর্স ও মোবাইল কোর্টের ঝটিকা অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৩ জনকে হাতেনাতে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী তাদের মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া বালু উত্তোলনে ব্যবহৃত ৪টি লিস্টার মেশিন ঘটনাস্থলেই ভেঙে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়।
অভিযান শেষে স্থানীয় জনসাধারণ ও অংশীজনদের নিয়ে পরিবেশ রক্ষা এবং অবৈধভাবে বালু উত্তোলনের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।
অভিযান ও জরিমানার বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শরীফ উদ্দিন জানান, পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান ও নিয়মিত নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কোনো অবস্থাতেই কাউকেই অবৈধ উপায়ে বালু বা মাটি তুলতে দেওয়া হবে না।
আজকের সিলেট/ জেকেএস
গোয়াইনঘাট প্রতিনিধি 








