সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৩০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে তাদের আটক করা হয়। এ সময় দুটি হায়েস গাড়িও জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, মিছিলের উদ্দেশে বিভিন্ন এলাকা থেকে চারটি হায়েস গাড়িতে করে ছাত্রলীগের নেতাকর্মীরা মোগলাবাজার এলাকায় এসে জড়ো হন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৩০ জন নেতাকর্মীসহ দুটি হায়েস গাড়ি আটক করে। বাকি দুটি গাড়ি দ্রুতগতিতে ঘটনাস্থল থেকে চলে যাওয়ায় সেগুলো আটক করা সম্ভব হয়নি।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চারটি হায়েস গাড়িতে করে এসে তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। সঙ্গে তিনটি মোটরসাইকেলও ছিল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুটি গাড়ি ও মোটরসাইকেল পালিয়ে যায়।’
ওসি জানান, পালিয়ে যাওয়া দুটি গাড়ির বাইরে বাকি দুটি হায়েস গাড়ি পুলিশ আটক করতে সক্ষম হয়। এর একটিতে চালকসহ ২০ জন এবং অপর গাড়িতে ১০ জন ছিলেন।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি মোশাররফ হোসেন।
আজকের সিলেট/ জেকেএস









