'লিগ' আয়োজনের আগ্রহ নেই ৪৯ জেলা ক্রীড়া সংস্থার
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ PM

'লিগ' আয়োজনের আগ্রহ নেই ৪৯ জেলা ক্রীড়া সংস্থার

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০/০৯/২০২৬ ০৭:১৬:৩৩ AM

'লিগ' আয়োজনের আগ্রহ নেই ৪৯ জেলা ক্রীড়া সংস্থার


জেলা ক্রিকেট লিগ আয়োজনের উদ্যোগ নিয়েও বড় সাড়া পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই মাস আগে জেলা ক্রীড়া সংস্থাগুলোর কাছে লিগ আয়োজনের পরিকল্পনা চেয়ে চিঠি পাঠিয়েছিল বোর্ড। মৌখিকভাবেও জেলা ক্রিকেট কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে এখন পর্যন্ত মাত্র ১৫টি জেলা লিগ আয়োজনের পরিকল্পনা জমা দিয়েছে। বাকি ৪৯টি জেলা ক্রীড়া সংস্থা কোনো সাড়া দেয়নি।

বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা ক্রীড়া সংস্থাগুলোর অ্যাডহক কমিটিগুলো অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারছে না। জেলা প্রশাসকরাও নির্বাচিত কমিটির জন্য অপেক্ষা করছেন।
ফলে লিগ আয়োজনের সিদ্ধান্তও ঝুলে আছে।

বিসিবি মনে করছে, নিয়মিত জেলা লিগ না হওয়ায় দেশের ৬৪ জেলা থেকে প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করার সুযোগ কমে যাচ্ছে। অথচ জেলা পর্যায়ে লিগ আয়োজনের জন্য প্রতিবছর প্রতিটি ক্রীড়া সংস্থাকে পাঁচ লাখ টাকা করে অনুদান দেয় বিসিবি। অভিযোগ রয়েছে, অনেক জায়গায় লিগ আয়োজন না করেই কাগজে-কলমে খেলা দেখিয়ে অনুদানের অর্থ নেওয়া হয়েছে। তদন্তে অনিয়ম ধরা পড়ার পর বিভিন্ন জেলার অনুদান আটকে দেওয়া হয়।

নতুন পরিচালনা পর্ষদ নিয়মিত জেলা লিগ আয়োজনের মাধ্যমে এ ধরনের অনিয়ম বন্ধ করতে চায়। টুর্নামেন্ট কমিটির ম্যানেজার আবু ইমাম মো. কাউসার জানিয়েছেন, বেশির ভাগ জেলাকে অনুদানের অর্ধেক অর্থ ইতোমধ্যে দেওয়া হয়েছে। লিগ আয়োজন করলে বাকি অর্থ দেওয়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী খেলার সামগ্রীও দেওয়া হতে পারে।

তিনি বলেন, যেসব জেলা লিগ আয়োজন করবে না, তাদের জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সুযোগ সীমিত করার মতো নীতিমালাও বিবেচনা করতে পারে বিসিবি।

জেলা ক্রীড়া সংস্থার সভাপতির দায়িত্বে থাকা জেলা প্রশাসকদের সঙ্গে যোগাযোগের পর বিসিবি জানতে পেরেছে, নভেম্বরের মধ্যে জেলা ক্রীড়া সংস্থাগুলোর নির্বাচন শেষ হলে অনেক জেলায় লিগ আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হতে পারে। তবে কিছু জেলায় মাঠ ও অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ঘাটতিও রয়েছে। সেসব সমস্যা সমাধানে বিসিবি উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর