বাংলাদেশ নারী ক্রিকেট দলের নেতৃত্বে আসছে পরিবর্তন। এশিয়ান গেমস শেষ হওয়ার পর টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। তবে ওয়ানডে সংস্করণে দলের নেতৃত্ব তাঁর হাতেই থাকছে।
ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, টি-টোয়েন্টির অধিনায়কত্বের চাপ থেকে সরে গিয়ে ব্যাটিং ও উইকেটকিপিংয়ে আরও বেশি মনোযোগ দিতে চান নিগার। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাপান থেকে চিঠির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নিজের সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন তিনি।
২০২২ সালে বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়কত্বের দায়িত্ব পান নিগার। তাঁর নেতৃত্বে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে উল্লেখযোগ্য সাফল্য পায় বাংলাদেশ। স্কটল্যান্ডকে হারিয়ে এক দশক পর বিশ্বকাপের মঞ্চে জয় তুলে নেয় দলটি। ওই আসরে ব্যাট হাতে ১০৪ রান করার পাশাপাশি উইকেটের পেছনে সাতটি ডিসমিসাল করেন নিগার।
তবে টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে তাঁর সময়টা ধারাবাহিক সাফল্যে কাটেনি। ২০২৬ সালের শুরুতে বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এরপর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারে দল। স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজেও আসে মিশ্র ফল।
এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলে বাংলাদেশ জয় পায় দুটি। এসব ফলাফলের পর টি-টোয়েন্টিতে নিগারের নেতৃত্ব নিয়ে প্রশ্নও ওঠে।
এশিয়ান গেমসের পর দায়িত্ব ছাড়লে টি-টোয়েন্টিতে নতুন অধিনায়কের অধীনে খেলবে বাংলাদেশ নারী দল। তবে ওয়ানডে ক্রিকেটে নেতৃত্বের দায়িত্বে থাকছেন নিগার সুলতানা জ্যোতি।
আজকের সিলেট/ জেকেএস
ক্রীড়া ডেস্ক 








