শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনা চলছে
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ PM

শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনা চলছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯/০৯/২০২৬ ১২:৫৭:১৭ PM

শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনা চলছে


৩৪ দিন পর আবারও হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও দানের ডেগের টাকা গণনা শুরু হয়েছে। শনিবার সকাল থেকে মাজার প্রাঙ্গণে প্রকাশ্যে এ গণনা কার্যক্রম শুরু হয়।

মাজারের আয়-ব্যয় ব্যবস্থাপনা নির্ধারণে গঠিত ১৩ সদস্যের উচ্চপর্যায়ের কমিটির তত্ত্বাবধানে এবারের গণনা হচ্ছে। 

এর আগে সর্বশেষ গত ১৫ আগস্ট দানবাক্স ও ডেগ খুলে তৃতীয় দফায় টাকা গণনা করা হয়। ওই সময় ৩৪ দিনে নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া যায়। পাশাপাশি পাওয়া যায় ২ ভরি ১ আনা স্বর্ণ, ১ ভরি ২ আনা রুপা এবং বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা।

এর আগে ১১ জুলাই দ্বিতীয় দফায় ১৯ দিনের জমা থেকে পাওয়া যায় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা। তখনও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও রুপাসহ বিভিন্ন সামগ্রী পাওয়া যায়।

আর প্রথম দফায় ২২ জুন মাজারের সিলগালা করা তিনটি ডেগ ও নতুন স্থাপন করা দানবাক্স খুলে চার দিনের জমা গণনা করা হয়। এতে পাওয়া যায় ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা। এর সঙ্গে ছিল সাত আনা ওজনের স্বর্ণ ও ১০ সৌদি রিয়াল। 

তিন দফায় পাওয়া নগদ অর্থের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৩৫ লাখ ৬৪ হাজার ৩৭৪ টাকা।

এর মধ্যে প্রথম দফায় ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯, দ্বিতীয় দফায় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ এবং তৃতীয় দফায় ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া যায়।

চলতি বছরের জুনে মাজারের দানবাক্স ও ডেগের অর্থ প্রকাশ্যে গণনার উদ্যোগ নেওয়া হয়। এর আগে মাজারের আয়-ব্যবস্থাপনা ও দানের অর্থের হিসাব নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা ছিল। নতুন ব্যবস্থার অংশ হিসেবে দানবাক্স সিলগালা, নিয়মিত গণনা এবং অর্থের হিসাব সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এবার ৩৪ দিন পর চতুর্থ দফায় দানবাক্স ও ডেগ খোলা হয়েছে। গণনা শেষে কত টাকা, বৈদেশিক মুদ্রা ও মূল্যবান সামগ্রী পাওয়া গেছে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর