২ হাজার কোটি টাকা প্রাক-অর্থায়ন ঋণ দিয়েছে: অর্থমন্ত্রী
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ PM

২ হাজার কোটি টাকা প্রাক-অর্থায়ন ঋণ দিয়েছে: অর্থমন্ত্রী

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ০৭/০৯/২০২৬ ০৯:৫৩:৫০ AM

২ হাজার কোটি টাকা প্রাক-অর্থায়ন ঋণ দিয়েছে: অর্থমন্ত্রী


বিদেশফেরত কর্মীদের পুনর্বাসন ও আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে দুই পর্যায়ে মোট দুই হাজার কোটি টাকা প্রাক-অর্থায়ন ঋণ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

অর্থমন্ত্রী জানান, বিদেশফেরত কর্মীদের পুনর্বাসন এবং তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে প্রবাসী কল্যাণ ব্যাংক বিভিন্ন ঋণ কর্মসূচি পরিচালনা করছে। প্রতিষ্ঠার পর থেকেই বিদেশ প্রত্যাগত কর্মীদের পুনর্বাসনে ঋণ সহায়তা দিয়ে আসছে প্রবাসী কল্যাণ ব্যাংক।

তিনি বলেন, বিদেশফেরত প্রবাসীদের মৎস্য ও প্রাণিসম্পদ, শিল্প-কারখানা, সেবা ও বাণিজ্য, ক্ষুদ্র ও কুটির শিল্পসহ বিভিন্ন উৎপাদনশীল খাতে বিনিয়োগে উৎসাহিত করতে দুই ধাপে এই প্রাক-অর্থায়ন ঋণ দেওয়া হয়েছে।

এর মধ্যে প্রথম পর্যায়ে এক হাজার কোটি টাকা এবং দ্বিতীয় পর্যায়ে আরও এক হাজার কোটি টাকা দেওয়া হয়। দুই ক্ষেত্রেই ঋণের মেয়াদ ১০ বছর এবং ব্যাংক রেটে বর্তমানে ৪ শতাংশ হারে ঋণ দেওয়া হয়েছে। তবে গ্রাহক পর্যায়ে এ ঋণের সর্বোচ্চ সুদহার ৮ শতাংশ।

অর্থমন্ত্রী বলেন, এই ঋণ কর্মসূচির ফলে বিদেশগমনেচ্ছু ও বিদেশফেরত প্রবাসীদের আত্মকর্মসংস্থান এবং পুনর্বাসনের সুযোগ তৈরি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের দেওয়া প্রাক-অর্থায়ন ঋণের আওতায় ৩১ জুলাই পর্যন্ত প্রথম পর্যায়ে ৪২ হাজার ৭৬২ জন এবং দ্বিতীয় পর্যায়ে ৪২ হাজার ৩০৩ জন সুবিধাভোগী ঋণ পেয়েছেন।

তিনি আরও জানান, প্রথম পর্যায়ের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের পর দ্বিতীয় পর্যায়ের বাস্তবায়নও এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর