শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

লাখাইয়ে কলেজে যাওয়ার সড়কে দুর্ভোগ, কাদা-গর্তে বিপাকে শিক্ষার্থীরা

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১০/২০২৬ ০৩:১৭:৩০ অপরাহ্ন

লাখাইয়ে কলেজে যাওয়ার সড়কে দুর্ভোগ, কাদা-গর্তে বিপাকে শিক্ষার্থীরা


হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈয়ে লাখাই মুক্তিযোদ্ধা জিয়া সরকারি ডিগ্রি কলেজে যাতায়াতের একমাত্র সংযোগ সড়কটির বেহাল দশায় দুর্ভোগে পড়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন সংস্কার না হওয়া এবং মাটিবাহী ট্রাক্টরের অবাধ চলাচলে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে বৃষ্টির দিনে কাদা ও পানিতে সড়ক একাকার হয়ে যাওয়ায় ভোগান্তি আরও বাড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লাখাই আঞ্চলিক মহাসড়কের বামৈ রোড থেকে কলেজ পর্যন্ত বিস্তৃত এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষ যাতায়াত করেন। দীর্ঘদিন মেরামত না করায় সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ তৈরি হয়েছে। এর সঙ্গে বিভিন্ন জমি থেকে মাটি বহনকারী ভারী ট্রাক্টরের নিয়মিত চলাচল সড়কটির অবস্থা আরও খারাপ করেছে।

সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন স্থানে কাদা ও পানি জমে যায়। এতে কলেজে যাতায়াতের সময় শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। কাদাপানির কারণে অনেক সময় স্বাভাবিকভাবে চলাচল করাও কঠিন হয়ে পড়ে। ফলে সময়মতো ক্লাসে পৌঁছানো নিয়ে বিপাকে পড়ছেন তাঁরা। একই সঙ্গে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।

কলেজটির অধ্যাপক মোহাম্মদ হামজা মাহমুদ বলেন, মাঠ থেকে মাটি বহনকারী ট্রাক্টরের অবাধ ও অনিয়ন্ত্রিত চলাচল সড়কটি নষ্ট হওয়ার অন্যতম প্রধান কারণ। বর্ষাকালে ভারী ট্রাক্টরের চাকার চাপে সড়কে বড় বড় গর্ত তৈরি হয় এবং হাঁটুপানি সমান কাদা জমে চলাচল কঠিন হয়ে পড়ে। অন্যদিকে, শুষ্ক মৌসুমে ট্রাক্টরের চলাচলে সড়কের অবশিষ্ট পাকা অংশও ক্ষতিগ্রস্ত হয়। সড়কে পড়ে থাকা মাটি শুকিয়ে ধুলাবালি তৈরি করে, যা পথচারীদের দুর্ভোগ বাড়ায়।

দ্রুত সংস্কার ও কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করেন অধ্যাপক হামজা মাহমুদ।

জনগুরুত্বপূর্ণ এই সড়ক দ্রুত মেরামতের দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, কলেজে যাতায়াতের একমাত্র সড়কটির এমন দুরবস্থা সত্ত্বেও স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না।

এ বিষয়ে বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ফারুক বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। খুব শিগগিরই সড়কটির সংস্কারকাজ শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় জনপ্রতিনিধিরা সমস্যা সমাধানে ইতোমধ্যে লাখাই উপজেলা প্রকৌশলীর কার্যালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছেন বলে জানা গেছে। তবে সড়কটির স্থায়ী সংস্কার এবং মাটিবাহী ট্রাক্টরের অনিয়ন্ত্রিত চলাচল বন্ধে কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন এলাকাবাসী।

শিক্ষার্থী ও সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত সড়কটি সংস্কার এবং ভারী যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন তাঁরা। এ বিষয়ে জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর