সিলেটের গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১৯৫ কার্টন বিস্কুট ও একটি পুরোনো ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় জুয়েল আহমেদ (২২) নামে একজনকে আটক করেছে পুলিশ। তবে আনোয়ার মিয়া (৩৫) নামে অপর এক অভিযুক্ত পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে উপজেলার ৮ নম্বর তোয়াকুল ইউনিয়নের লাকি এলাকায় আব্দুল হকের স-মিলের সামনে কাঁচা রাস্তা থেকে এসব পণ্য ও ট্রাক জব্দ করা হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সঞ্জিত চন্দ্র দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে উপপরিদর্শক (এসআই) মো. শাহাব উদ্দিন খানসহ পুলিশের একটি দল অংশ নেয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় একটি ড্রাম ট্রাকের ভেতর থেকে ভারতীয় ১৭৭ কার্টন Malkist Cracker Biscuits এবং ১৮ কার্টন Oreo Choco Creme Sandwich Biscuit উদ্ধার করা হয়। এ ছাড়া ২০১৮ মডেলের একটি পুরোনো টাটা টিপার ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। ট্রাকটির নিবন্ধন নম্বর সিলেট মেট্রো-ট-১১-০১৪৯।
ঘটনাস্থল থেকে আটক জুয়েল আহমেদ গোয়াইনঘাট উপজেলার লাকি পূর্বপাড়ার কাচা মিয়ার ছেলে। অন্যদিকে, একই উপজেলার লাকি মাঝপাড়ার মুহিবুর মিয়ার ছেলে আনোয়ার মিয়া পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আটক ও পলাতক আসামির বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। পরে আটক জুয়েল আহমেদকে আদালতে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, পলাতক অভিযুক্তকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আজকের সিলেট/ জেকেএস
গোয়াইনঘাট প্রতিনিধি 








