শ্রীকৃষ্ণের আদর্শে শান্তি-সম্প্রীতি বজায় রাখার আহ্বান সিসিক প্রশাসকের
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ PM

শ্রীকৃষ্ণের আদর্শে শান্তি-সম্প্রীতি বজায় রাখার আহ্বান সিসিক প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪/০৯/২০২৬ ০৭:৩২:০৫ PM

শ্রীকৃষ্ণের আদর্শে শান্তি-সম্প্রীতি বজায় রাখার আহ্বান সিসিক প্রশাসকের


শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন থেকে সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেছেন, শ্রীকৃষ্ণের আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শুক্রবার সকালে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সর্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেটের উদ্যোগে আয়োজিত নগর পরিক্রমার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিম্বার্ক আশ্রমের সামনে থেকে নগর পরিক্রমাটি শুরু হয়।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, উৎসব সবার—এটাই আমাদের বিশ্বাস। প্রত্যেক মানুষের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার রয়েছে। সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির রয়েছে। এই সম্প্রীতি ধরে রাখতে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার পরিবেশ বজায় রাখতে হবে।

তিনি বলেন, সিলেট সিটি করপোরেশন নগরীর সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের পাশে রয়েছে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি অটুট রেখে শান্তিপূর্ণ, সুন্দর ও বাসযোগ্য সিলেট গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান সিসিক প্রশাসক। পরে তিনি আনুষ্ঠানিকভাবে নগর পরিক্রমার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী ও সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

এরপর মিরাবাজারস্থ শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় শ্রীকৃষ্ণ ভক্তবৃন্দ সম্মিলিত জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধন করেন আব্দুল কাইয়ুম চৌধুরী। সেখানে প্রধান অতিথির বক্তব্যে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান তিনি। একই অনুষ্ঠানে ❝সারথি❞ প্রকাশনার মোড়ক উন্মোচন করেন সিসিক প্রশাসক।

এ সময় বক্তব্য দেন শ্রীকৃষ্ণ ভক্তবৃন্দ সম্মিলিত জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহ্বায়ক নারদ বিশ্বাস, সদস্যসচিব পাচু মোহন বিশ্বাস, প্রধান উপদেষ্টা সুসেন্দ্র চন্দ্র সরকার, প্রকাশনা উপপরিষদের আহ্বায়ক পুলিন রায়, প্রধান সমন্বয়কারী জ্যোতি মোহন বিশ্বাস প্রমুখ।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর