দিরাইয়ে উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ PM

দিরাইয়ে উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৯/২০২৬ ০৬:১৪:১৬ PM

দিরাইয়ে উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন


শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সুনামগঞ্জের দিরাই পৌর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় শ্রীশ্রী জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণ থেকে বের হওয়া এই শোভাযাত্রায় নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন। কীর্তন, ঢাক-ঢোল ও ধর্মীয় সংগীতে এ সময় মুখর হয়ে ওঠে শহরের প্রধান সড়কগুলো।

দিরাই পৌর পূজা উদযাপন পরিষদ, শ্রীশ্রী কালী মন্দির, রামকৃষ্ণ সেবাশ্রম, শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র মন্দির, চানপুর আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)সহ বিভিন্ন মন্দির ও সংগঠনের উদ্যোগে আসা ভক্তরা শোভাযাত্রায় যোগ দেন।

জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শ্রীশ্রী কালী মন্দির, পৌর শহরের প্রধান সড়ক, উপজেলা পরিষদ এলাকা ও বাসস্ট্যান্ড হয়ে কলেজ রোড প্রদক্ষিণ করে। পরে মজলিশপুর এলাকার শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রম হয়ে আবার শ্রীশ্রী জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে ফিরে এসে এর সমাপ্তি হয়।

শোভাযাত্রায় অংশ নেওয়া শিশুদের মধ্যে অনেককে রাধা ও শ্রীকৃষ্ণের সাজে সাজিয়ে নিয়ে আসেন অভিভাবকেরা। বাঁশি হাতে, মাথায় ময়ূরের পালক এবং রঙিন পোশাকে সাজানো শিশুদের উপস্থিতি আয়োজনটিতে আলাদা মাত্রা যোগ করে।

শোভাযাত্রাজুড়ে ভক্তরা শ্রীকৃষ্ণের নামসংকীর্তন ও কীর্তন গানে অংশ নেন। ঢাক-ঢোলের তালে ধর্মীয় সংগীত পরিবেশনের পাশাপাশি বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও ধর্মীয় প্রতীক নিয়ে শোভাযাত্রায় অংশ নেন তারা। এতে পুরো পৌর শহরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

ব্যবসায়ী নীরমল রায় বলেন, ‘শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আমাদের সত্য, ন্যায় ও মানবতার পথে চলার শিক্ষা দেয়। ধর্মীয় উৎসবের মধ্য দিয়ে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হোক এটাই আমাদের প্রত্যাশা।’

পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরী বলেন, ‘শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে দিরাই পৌরসভাসহ সকল সনাতন ধর্মাবলম্বীকে দিরাই পৌর বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। দিরাইয়ের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য আমরা ধরে রেখেছি। ভবিষ্যতেও এই সম্প্রীতি ও সৌহার্দ্য অটুট থাকবে এটাই আমাদের প্রত্যাশা।’

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিরাই পৌর শাখার সদস্যসচিব বিশ্বজিৎ রায় বলেন, ‘হাজারো ভক্তের অংশগ্রহণে এবারের জন্মাষ্টমীর শোভাযাত্রা উৎসবমুখর হয়েছে। সুন্দর ও শান্তিপূর্ণভাবে আয়োজন সম্পন্ন করতে যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।’

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম, চিকিৎসক জগদীশ নন্দী, অসীত বরন রায়, রবি সূত্রধর, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ চৌধুরী, করিমপুর ইউনিয়নের চেয়ারম্যান লিটন দাস, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রীতি রানী দাস, দিলীপ দাস, হিরনময় বর্মন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিরাই পৌর শাখার আহ্বায়ক বকুল বণিক, কমিটির সদস্য রবিন দাসসহ বিভিন্ন মন্দির ও সংগঠনের নেতৃবৃন্দ।

এ ছাড়া সরকারি-বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষক ও শিক্ষার্থীরাও এতে অংশ নেন।

আয়োজকরা জানান, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে প্রতি বছর দিরাইয়ের বিভিন্ন মন্দির ও সংগঠনের উদ্যোগে নানা ধর্মীয় কর্মসূচি পালন করা হয়। সেই ধারাবাহিকতায় এবারও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর