সিলেটে স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে তিন প্রকল্প দ্রুত বাস্তবায়নের উদ্যোগ
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ PM

সিলেটে স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে তিন প্রকল্প দ্রুত বাস্তবায়নের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪/০৯/২০২৬ ০৫:০৭:২২ PM

সিলেটে স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে তিন প্রকল্প দ্রুত বাস্তবায়নের উদ্যোগ


সিলেটে স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে তিনটি বড় প্রকল্প দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে একটি বিশেষায়িত শিশু হাসপাতাল ও অসম্পূর্ণ ৪৫০ শয্যাবিশিষ্ট ক্যান্সার ইনস্টিটিউট চালুর পাশাপাশি পূর্বঘোষিত ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি দ্রুত চালুর প্রক্রিয়াও জোরদার করা হচ্ছে।

শুক্রবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনকে সঙ্গে নিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্থানীয় সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেটে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বর্তমানে তিনটি প্রধান প্রকল্পকে গুরুত্ব দিয়ে কাজ চলছে। ক্যান্সার ইনস্টিটিউটের অসম্পূর্ণ কাজ দ্রুত শেষ করার বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ইতোমধ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

তিনি জানান, বিশেষায়িত শিশু হাসপাতাল ও ৪৫০ শয্যাবিশিষ্ট ক্যান্সার ইনস্টিটিউট চালুর পাশাপাশি ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটিও দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

বাণিজ্য মন্ত্রী আশাবাদ প্রকাশ করে বলেন, সিলেটে নতুন মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, বিসিকের উন্নয়নমূলক উদ্যোগ এবং চলমান স্বাস্থ্য প্রকল্পগুলো বাস্তবায়ন করা গেলে পুরো সিলেট অঞ্চলের স্বাস্থ্য খাতসহ সার্বিক সেবায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে।

হাসপাতাল পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা. জিয়াউর রহমান চৌধুরীসহ স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর