সিলেট বিভাগে হামের সংক্রমণ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১৪৬ জন। এতে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, বিভাগে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ৩১ জন। এর মধ্যে সিলেটে ৩৬৩ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং হবিগঞ্জে ১৫৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও উদ্বেগজনক। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন ১৫৫ জন। এর মধ্যে সিলেটে ৬২, সুনামগঞ্জে ৫৯, হবিগঞ্জে ২১ এবং মৌলভীবাজারে ১৩ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া ১৪৬ জনকে নিয়ে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪৮৪ জনে পৌঁছেছে।
এদিকে, হাম চিকিৎসায় নির্ধারিত হাসপাতাল দুটিতেও রোগীর চাপ বেড়েছে। একশ’ শয্যার হাম ডেডিকেটেড শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হাম ওয়ার্ডে নির্ধারিত শয্যার প্রায় দ্বিগুণ রোগী চিকিৎসাধীন রয়েছেন।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে বর্তমানে ১৮৩ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৭০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
আজকের সিলেট/ জেকেএস
আজকের সিলেট ডেস্ক 








