মাত্র ৬ মাসে দেশের ইতিহাসে এত জনপ্রিয় প্রধানমন্ত্রী ছিল না: এমপি কয়ছর
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:০৩ PM

মাত্র ৬ মাসে দেশের ইতিহাসে এত জনপ্রিয় প্রধানমন্ত্রী ছিল না: এমপি কয়ছর

সংবাদদাতা

প্রকাশিত: ১৬/০৮/২০২৬ ০৭:৪৮:২০ PM

মাত্র ৬ মাসে দেশের ইতিহাসে এত জনপ্রিয় প্রধানমন্ত্রী ছিল না: এমপি কয়ছর


সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, মাত্র ছয় মাসে বাংলাদেশের ইতিহাসে এত জনপ্রিয় প্রধানমন্ত্রী ছিল না। আমাদের প্রধানমন্ত্রী নিজেকে উপস্থাপন না করে জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে ইতোমধ্যে বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করেছেন। তিনি যেভাবে দেশকে পরিচালনা করছেন, সবার আগে বাংলাদেশ স্লোগানকে বাস্তবে ধারণ করে কাজ করে যাচ্ছেন।

রোববার দুপুর ১টায় শান্তিগঞ্জ উপজেলায় দরগাপাশা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ওষুধ সরবরাহ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মোহাম্মদ কয়ছর আহমদ বলেন, আমাদের সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম বাজেটে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বাজেট দিয়েছে। জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যেই সরকার এ উদ্যোগ নিয়েছে। সারাদেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীতকরণের সিদ্ধান্ত নিয়েছে। সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এরপরেই শিক্ষাখাতে দ্বিতীয় সর্বোচ্চ বাজেট ঘোষণা করেছে।

দরগাপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি আরও বলেন, সরকার ও জনগণের সমন্বয়েই আমাদের দেশ এগিয়ে যাবে। আপনারা আন্তরিকতার সঙ্গে ইউনিয়ন পরিষদকে যেভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছেন এবং ইউনিয়ন পরিষদ যেভাবে আপনাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে, সেটা সত্যিই প্রশংসার দাবিদার। শান্তিগঞ্জ ও জগন্নাথপুরের স্বাস্থ্য খাতে চিকিৎসক, নার্স, ওষুধসহ সব সংকট নিরসনে সর্বোচ্চ কাজ করে যাব।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রওশন খাঁন সাগর। এসময় উপস্থিত ছিলেন- দরগাপাশা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তোফাজ্জল হোসেন, ইউপি সদস্য ললিত মোহন দাস, মাসুক আলী, কুটি মিয়া, সুমন মিয়া, গোলাম কিবরিয়া, আবুল হোসেন, লোভা রাণী দাস, সুহেনা বেগম। 

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর