সম্প্রতি সিলেটের মহাসড়কগুলোতে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা ও মহানগর শাখা। দুর্ঘটনা রোধ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ছয় দফা দাবি জানিয়েছে সংগঠনটি।
শনিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে নিসচা সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।
নিসচা সিলেট মহানগর শাখার সভাপতি এম. ইকবাল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে জেলা শাখার সাধারণ সম্পাদক ছয়ফুল করিম চৌধুরী ও মহানগর শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল যৌথভাবে সঞ্চালনা করেন।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন নিসচা সিলেট জেলা শাখার উপদেষ্টা ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ কে এম শমিউল আলম। প্রধান বক্তা ছিলেন নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম মিশু।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। এতে জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। নিরাপদ সড়ক শুধু একটি দাবি নয়, এটি মানুষের অধিকার।
তারা বলেন, মহাসড়কে ত্রুটিপূর্ণ, ফিটনেসবিহীন ও রোড পারমিট ছাড়া যানবাহন চলাচল দুর্ঘটনা বৃদ্ধির অন্যতম কারণ। পাশাপাশি চালকদের মধ্যে প্রতিযোগিতামূলক গাড়ি চালানো, বেপরোয়া ওভারটেকিং এবং অসচেতনতাও দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। সড়কে মৃত্যুর মিছিল বন্ধ করতে এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে হাইওয়ে পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
মানববন্ধন থেকে নিসচা সিলেট জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে ছয় দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো -সড়ক দুর্ঘটনা রোধে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে মনিটরিং সেল গঠন করতে হবে এবং এতে প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। দ্রুত সময়ের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেনের কাজ সম্পন্ন করতে হবে। মহাসড়কে ফিটনেসবিহীন ও রোড পারমিটবিহীন যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর পূর্ণাঙ্গ প্রয়োগ নিশ্চিত করতে হবে। প্রয়োজনে নতুন আইন প্রণয়ন করতে হবে। মহাসড়কে ট্রমা সেন্টার ও পর্যাপ্ত অ্যাম্বুলেন্স সেবার ব্যবস্থা করতে হবে। হাইওয়ে পুলিশের তৎপরতা বাড়ানোর পাশাপাশি তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।
মানববন্ধনে আরও বক্তব্য দেন নিসচা সিলেট জেলা শাখার সহসভাপতি আহমদ জাকারিয়া, আব্দুর রহমান, মো. আব্দুল হাছিব, মহানগর শাখার সহসভাপতি কামরুল ইসলাম, জেলা শাখার সহসাধারণ সম্পাদক মো. সাহেদুর রহমান সাহেদ, আবু জাবের, রাজিব ঘোষ, মহানগর শাখার সহসাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, জেলা অর্থ সম্পাদক সুহেল চৌধুরী, মহানগর অর্থ সম্পাদক শেখ মো. লায়েক মিয়া, জেলা সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ, মহানগর সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান তাপাদার মুক্তার, জেলা দুর্ঘটনা অনুসন্ধান সম্পাদক মো. ইমতিয়ার হোসেন আরাফাতসহ জেলা ও মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় জেলা ও মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন।
আজকের সিলেট/এপি









