সিলেট বিভাগে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৯ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭৫ জনে।
রবিবার (১৬ আগস্ট) স্বাস্থ্য বিভাগের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মারা যাওয়া শিশুটি সিলেট জেলার বাসিন্দা। নতুন এ মৃত্যু নিয়ে বিভাগে হাম উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩৬ জনে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ১৩০ জন এবং নিশ্চিত হাম রোগে ৬ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১২৯ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩৪ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭০ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২১ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২ জন ভর্তি হয়েছে।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ৩০৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১২২ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০৯ জন ভর্তি আছেন।
এ ছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ১ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন এবং সিলেটের গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন চিকিৎসাধীন রয়েছেন। সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৬ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৪ জন এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩ জন হাম সন্দেহে চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে আরও দেখা গেছে, এখন পর্যন্ত সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে সিলেট জেলায় ৫১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সন্দেহজনক হাম রোগে ৪৭ জন এবং নিশ্চিত হাম রোগে ৪ জন মারা গেছেন।
জেলাভিত্তিক হিসাবে হবিগঞ্জে হাম উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে মোট মৃত্যু হয়েছে ১৭ জনের। মৌলভীবাজারে এ সংখ্যা ১৩ জন এবং সুনামগঞ্জে ৫৫ জন।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা সিলেটে ৩১১ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৪ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। সব মিলিয়ে সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৫ জনে।
আজকের সিলেট/ জেকেএস









