সিলেটে হামে আরো ৩ জনের মৃত্যু, ১৪ মাস পর একজনের করোনা শনাক্ত
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:২১ PM

সিলেটে হামে আরো ৩ জনের মৃত্যু, ১৪ মাস পর একজনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯/০৮/২০২৬ ১২:৪৫:৪৮ PM

সিলেটে হামে আরো ৩ জনের মৃত্যু, ১৪ মাস পর একজনের করোনা শনাক্ত


সিলেট বিভাগে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে দুই শিশু সহ তিন জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া তিনজনের মধ্যে বর্ণা রাণী দাসের বয়স ১৮ বছর, আর এহসানুল তিন বছর চার মাস ও আয়ানের বয়স ছিলো আট মাস। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল এবং হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই তিনজনের মৃত্যু হয়।

রোববার সকালে একই সময় ১৮ জনের হামে আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হিসেবে নতুন ভর্তি হয়েছেন ৯১ জন। বর্তমানে সিলেটের চার জেলার বিভিন্ন হাসপাতালে ২৭১ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তবে, প্রতিদিনই সুস্থ হয়ে বাড়ি ফিরছে অনেক রোগী।

বিশেষজ্ঞরা বলছেন, তুলনামূলক দূর্গম এলাকার শিশুরা বেশি আক্রান্ত ও মৃত্যুবরণ করছে। তবে, পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

অন্যদিকে, সিলেটে দীর্ঘ ১৪ মাস পর আবারও করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ৫৫ বছর বয়সী এক ব্যক্তির শরীরে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হওয়ার পর তাকে শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মিজানুর রহমান।

হাসপাতাল সূত্র জানায়, আক্রান্ত ব্যক্তি বিশ্বনাথ উপজেলার বাসিন্দা। হৃদ্‌রোগের চিকিৎসার জন্য তিনি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি ছিলেন। এনজিওগ্রামের আগে অ্যান্টিজেন পরীক্ষা করা হলে করোনা শনাক্ত হয়। গতরাতে তাকে শামসুদ্দিন হাসপাতালে স্থানান্তর করা হয়। এর আগে গত বছরের ১৫ জুন সিলেটে সর্বশেষ দুজনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল।

এদিকে সিলেটে একসঙ্গে হাম ও ডেঙ্গুর প্রকোপের মধ্যে নতুন করে করোনা শনাক্ত হওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর সিলেটে ৮২৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১২৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম শনাক্ত হয়েছে ২৭ জনের। 

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর