আন্তর্জাতিক অর্থ স্থানান্তরে সুইফটের নতুন রিটেইল ক্রস-বর্ডার পেমেন্ট ব্যবস্থাপনায় বিশ্বের প্রথম ব্যাংক হিসেবে অর্থ প্রেরণ ও গ্রহণ উভয় ভূমিকা সফলভাবে সম্পন্ন করে অনন্য মাইলফলক অর্জন করেছে সিটি ব্যাংক। সুইফট স্কিম নামের এই ব্যবস্থার আওতায় প্রথম কোনো ব্যাংক হিসেবে এই দ্বিমুখী লেনদেন সফল করল তারা। অস্ট্রেলিয়া, কানাডা, চীন, জার্মানি, ভারত, স্পেন, থাইল্যান্ড, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১৭টি দেশের ৫০টিরও বেশি শীর্ষস্থানীয় ব্যাংক এই নতুন কাঠামো বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে একমাত্র ব্যাংক হিসেবে সিটি ব্যাংক সুইফটের এই নতুন উদ্যোগে যুক্ত হয়।
গত ২২ জুন আন্তর্জাতিক লেনদেনের এক নতুন গতি প্রদর্শন করে সিটি ব্যাংক। ব্যাংকটি তাদের প্রথম আন্তর্জাতিক লেনদেনটি সম্পন্ন করে মাত্র ১ মিনিটে এবং দ্বিতীয় লেনদেনটি শেষ করে রেকর্ড ৫৭ সেকেন্ডে। পরদিন ২৩ জুন ভারতের এইচডিএফসি ব্যাংকের সঙ্গে সমন্বয় করে গেটওয়ে মিডিয়ার ভূমিকা পালনের মাধ্যমে একটি আন্তঃসীমান্ত লেনদেন সম্পাদন করে সিটি ব্যাংক, যা সফলভাবে বাংলাদেশের অন্য একটি স্থানীয় ব্যাংকে পৌঁছে দেওয়া হয়। প্রথাগত আন্তর্জাতিক লেনদেন ও রেমিট্যান্স প্রেরণে নানা মধ্যস্থতাকারী ধাপ ও নিয়মনীতির কারণে বিলম্ব এবং বাড়তি ফির সম্মুখীন হতে হয়। গ্রাহক ও ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে কম খরচে দ্রুত, নিশ্চিত ও স্বচ্ছ আন্তর্জাতিক অর্থ স্থানান্তরের সুবিধা দিতে আধুনিক প্রযুক্তি কাঠামোর এই সেবা চালু করেছে সুইফট। এতে লেনদেনের শতভাগ মূল্যপ্রাপ্তি নিশ্চিত হওয়ার পাশাপাশি ২৪ ঘণ্টা রিয়েল-টাইমে অর্থ ট্র্যাক করার সুবিধা পাওয়া যায়।
সম্প্রতি অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও সুইফটের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে সিটি ব্যাংকের এই আন্তর্জাতিক অর্জনকে স্বীকৃতি জানানো হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান এবং সুইফটের কান্ট্রি প্রধান কিরণ শেঠি সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিনের হাতে বিশেষ স্মারক ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাহিয়া জুনেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মেসবাহউল আসিফ সিদ্দিকী এবং সুইফটের অ্যাকাউন্ট ডিরেক্টর অর্পিতা ঘোষসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজকের সিলেট/ডিপি/ জেকেএস
অর্থনীতি ডেস্ক 








