নারী শিক্ষার্থীকে কুপ্রস্তাব, শাবিপ্রবিতে বিক্ষোভ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৭ PM

নারী শিক্ষার্থীকে কুপ্রস্তাব, শাবিপ্রবিতে বিক্ষোভ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২/০৭/২০২৬ ০৮:০৩:৫২ PM

নারী শিক্ষার্থীকে কুপ্রস্তাব, শাবিপ্রবিতে বিক্ষোভ


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের এক নারী শিক্ষার্থীকে হোয়াটসঅ্যাপে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন ওই বিভাগের শিক্ষার্থীর। এ ঘটনায় ভুক্তভোগী নারী শিক্ষার্থী জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন।

বুধবার দুপুর পৌনে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের সড়কে এই মানববন্ধন করা হয়। পরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।

সাধারণ ডায়রিতে ভুক্তভোগী শিক্ষার্থী জানিয়েছেন, ‘আমি লোকপ্রশাসন বিভাগের ছাত্রী। গত কিছু দিন পূর্বে ‘সাস্ট আপডেট’ নামক একটি ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করা হয়। যাতে টিউশনের জন্য বিজ্ঞপ্তি প্রদান করে। উক্ত ফেসবুক পেজের এডমিন রাহিন ইসলাম, মো. আরমান, সামি তারা শাবিপ্রবির শিক্ষার্থী। আমি উক্ত পোস্টে মন্তব্যের স্থানে আমার নাম উল্লেখ পূর্বক টিউশন করানোর আগ্রহ প্রকাশ করি। পরবর্তীতে তারা আমার নম্বর চাইলে আমি আমার ব্যক্তিগত মোবাইল নম্বর প্রদান করি।

তাদের পোস্টের মন্তব্যে আমি নম্বর প্রদান করার পর গত ২৪ জুন রাত ৮টা ১মিনিটে একটি মোবাইল নম্বর হতে আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএস করে এবং প্রথমে আমাকে চাকরির প্রস্তাব দেয়। পরবর্তীতে আমি তাহার প্রতিউত্তর দিলে উক্ত নম্বর থেকে আমাকে আপত্তিকর, অশালীন ও কুপ্রস্তাব, কুরুচিপূর্ণ কথাবার্তা বলে। তার প্রস্তাবে রাজি না হলে উক্ত নম্বর হইতে আমাকে বিভিন্ন রকম ভয়ভীতি মূলক হুমকি প্রদান করা হয়।’

মানববন্ধনে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী খলিলুর রহমান চাঁদ বলেন, ‘সাস্ট আপডেট’ পেজের অ্যাডমিনরা যদি ব্যক্তিগত তথ্য সুরক্ষা দিতে না পারে তাহলে কেন তারা নম্বর নিবে। আমাদের দাবি হলো, যে নম্বর থেকে ভুক্তভোগীকে কুপ্রস্তাব দেওয়া হয়েছে অতিবিলম্বে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। সাস্ট আপডেট পেজের অ্যাডমিনদের এ বিষয়ে জবাবদিহি করতে হবে।

অভিযোগ আসা নম্বরটিতে একাধিকবার কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে ‘সাস্ট আপডেট’ পেজের অ্যাডমিন রাহিন ইসলাম জাগো নিউজকে বলেন, আমরা টিউশনের পোস্ট করার পর অনেকে সেখানে কমেন্ট করেন। সেখান থেকে কেউ নম্বর নিলে সেই দায়ভার আমাদের না। আমরা ব্যক্তিগতভাবে কারোর থেকে নম্বর চাইনি বা পোস্টেও বলিনি।

তিনি বলেন, ভুক্তভোগী কুপ্রস্তাব আসার পর ম্যাসেজ সম্পর্কে আমাদের জানান। আমি নিজে এটির প্রতিবাদ করে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ফেসবুক গ্রুপে পোস্ট করেছি। এতদিন পর নতুন করে আমার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনা হলে আমি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর