টানা নবম রাতেও ইরানে মার্কিন হামলা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:২১ AM

টানা নবম রাতেও ইরানে মার্কিন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০/০৭/২০২৬ ১০:৪১:২৮ AM

টানা নবম রাতেও ইরানে মার্কিন হামলা


টানা নবম রাতের মতো ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হামলায় ইরানের সামরিক কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি কেন্দ্র, নৌ সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং যোগাযোগ নেটওয়ার্ককে লক্ষ্যবস্তু করা হয়েছে।

সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় ১৯ জুলাই রাত ১০টায় এই অভিযানের সমাপ্তি ঘটে। তাদের দাবি, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের ওপর সম্ভাব্য হামলার সক্ষমতা দুর্বল করতেই এই অভিযান চালানো হয়েছে। একই সঙ্গে সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তাদের বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং প্রয়োজন হলে আরও সামরিক অভিযান পরিচালনায় প্রস্তুত।

এদিকে ইরানের আধা-সরকারি তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খোরমোজ শহরের একটি এলাকায় যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। হামলার পর শহরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় বলে স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

খোরমোজ শহরটি বুশেহর প্রদেশের দাশতি জেলার প্রশাসনিক কেন্দ্র। এটি হরমুজ প্রণালির কাছাকাছি অবস্থিত। সেখানে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের নৌবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা রয়েছে।

অন্যদিকে ইরানের বার্তা সংস্থা মেহের জানিয়েছে, দেশটির পশ্চিমাঞ্চলের কেরমানশাহ প্রদেশের ইসলামাবাদ-ই-গার্ব এলাকার আকাশে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করা হয়েছে।

সংস্থাটির দাবি, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের মহাকাশ বাহিনী পরিচালিত উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইরানের সমন্বিত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের মাধ্যমে ড্রোনটি গুলি করে নামানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ড্রোন ভূপাতিত হওয়ার এ দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর