বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছেন। মুম্বাইয়ের পালি হিলে নিজের বাড়িতেই ছিল ঘরোয়া আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেতার আগের দুই পক্ষের সন্তানরা। এরই মধ্যে আলোচনায় এসেছে আমির ও গৌরীর বিয়ের আংটিটি। বিশেষ এ আংটিটি নাকি তৈরি করেছেন ১৩১ কারিগর। আর এটি বানাতে নিয়েছেন ২৫৬ ঘণ্টারও বেশি সময়।
আংটিটি ‘কুইন’ নামের এক প্রতিষ্ঠান তৈরি করেছে। আংটির কেন্দ্রে বসানো হয়েছে মাদাগাস্কার থেকে সংগ্রহ করা অত্যন্ত বিরল প্রাকৃতিক রুবি। সোনার মুকুট সদৃশ একটি কাঠামোর ওপর রুবিটি বসানো। আরো রয়েছে ৪০টি হীরা।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদন থেকে জানা যায়, এ মানের রুবি সংগ্রহ করতেই সময় লেগেছে তিন মাস। কারণ বিশ্বের মাত্র দশমিক ১ শতাংশেরও কম রুবি এমন বিরল হয়ে থাকে।
উল্লেখযোগ্য বিষয় হলো গৌরীর জন্য আমিরের তৈরি করানো এটিই প্রথম বিশেষ গহনা নয়। চলতি বছরের শুরুতে গৌরীকে ব্রাজিল থেকে সংগ্রহ করা বিরল অ্যাকোয়ামেরিন পাথর ও ৪০টি প্রাকৃতিক হীরা বসানো আরেকটি আংটি পরতে দেখা যায়। সেটিও ছিল আমিরের উপহার।
আজকের সিলেট/ডি/এসটি
বিনোদন ডেস্ক 








