এবার মাজারের দানের ডেগের উপর বসলো সিসি ক্যামেরা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫১ PM

এবার মাজারের দানের ডেগের উপর বসলো সিসি ক্যামেরা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১/০৬/২০২৬ ১০:৪৬:১৭ AM

এবার মাজারের দানের ডেগের উপর বসলো সিসি ক্যামেরা


হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের তিনটি ঐতিহাসিক ডেগ ও নতুন দানবাক্স সিলগালার পর পুরো মাজার প্রাঙ্গণকে সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। মাজারের আয়-ব্যয়ের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

শনিবার বিকেল তিনটার দিকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের নির্দেশনায় মাজার প্রাঙ্গণে দানবাক্সের ওপর সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ শুরু হয়। সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে সরেজমিনে গিয়ে কাজে নিয়োজিতদের সঙ্গে কথা বলে জানা গেছে, পর্যায়ক্রমে পুরো মাজার প্রাঙ্গণে মোট ১২টি সিসিটিভি ক্যামেরা বসানো হবে। এর মধ্যে ইতোমধ্যে আটটি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বাকি ক্যামেরাগুলো বসানোর কাজ চলমান রয়েছে।

তারা জানান, দানবাক্স ও ঐতিহাসিক ডেগ ছাড়াও ঝরনার পাড়, হযরত শাহজালাল (রহ.) এর রওজার প্রবেশপথ, রওজার ভেতর, পুকুরপাড়, মহিলা ইবাদতখানা এবং মাজারের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে এসব ক্যামেরা স্থাপন করা হচ্ছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দানবাক্সের পাশাপাশি সিলগালা করা ঐতিহাসিক তিনটি ডেগগুলোর ওপরও একাধিক সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। নতুন এই নজরদারি ব্যবস্থার মাধ্যমে দানবাক্স ও সংশ্লিষ্ট কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, এ উদ্যোগের ফলে দর্শনার্থীদের দান কার্যক্রমে আস্থা বাড়বে, দান সংগ্রহ ও ব্যবস্থাপনায় শৃঙ্খলা আসবে এবং মাজারের আর্থিক কার্যক্রমে আরও বেশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে।

এর আগে গত বৃহস্পতিবার বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানার উপস্থিতিতে মাজারে নতুন দানবাক্স স্থাপন করা হয়। একই সময় মাজারে থাকা দানের ঐতিহাসিক তিনটি ডেগ সিলগালা করা হয় এবং নিরাপত্তার জন্য আনসার সদস্য মোতায়েন করা হয়। তবে জেলা প্রশাসনের এসব পদক্ষেপকে ‘বাড়াবাড়ি ও ‘জোরজবরদস্তি’ আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মাজারসংশ্লিষ্টদের একাংশ এবং ভক্তরা।

শুক্রবার জেলা প্রশাসক মো. সারওয়ার আলম হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার পরিদর্শন করেন। এ সময় তিনি দানবাক্সে তালা লাগানোর নির্দেশ দেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা সিসিটিভি ক্যামেরা স্থাপনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পুরো মাজার চত্বরকে আমরা চাচ্ছি সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে। পর্যায়ক্রমে পুরো মাজার প্রাঙ্গণ সিসি ক্যামেরার আওতায় আনা হবে।’

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর