সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আফসানকে দলীয় শৃঙ্খলা পরিপন্থি আচরণের জন্য তীব্র অসন্তোষ প্রকাশ করে সতর্কবার্তা দিয়েছে সিলেট মহানগর বিএনপি।
ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী যৌথ স্বাক্ষরিত এক চিঠিতে এই সতর্কবার্তা দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, বিগত ৩১ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে সিলেট মহানগর বিএনপি এক আলোচনা সভার আয়োজন করে।
দলের সিনিয়র ও দায়িত্বশীল নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য প্রদানের সুযোগ না পাওয়াকে কেন্দ্র করে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আফসান ঔদ্ধত্যপূর্ণ, অশুভ এবং আক্রমণাত্মক আচরণ করেন।
মহানগর বিএনপি নেতৃবৃন্দ জানান, প্রকাশ্য সভায় দায়িত্বশীল নেতাদের সামনে এ ধরনের আচরণ শুধু দলের ভাবমূর্তিই বিনষ্ট করেনি, বরং তা সরাসরি দলীয় শৃঙ্খলার পরিপন্থি।
চিঠিতে ফজলে রাব্বি আফসানকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, ভবিষ্যতে যদি এই ধরনের আচরণের পুনরাবৃত্তি লক্ষ্য করা যায়, তবে দলের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তার বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে মহানগর বিএনপি।
আজকের সিলেট/এপি









