বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ২ শতাংশের বেশি
সোমবার, ০১ জুন ২০২৬, ১০:৫১ AM

বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ২ শতাংশের বেশি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১/০৬/২০২৬ ০৯:২২:১৩ AM

বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ২ শতাংশের বেশি


লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নতুন করে তীব্র হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছে। সোমবার এশিয়ার বাজারে লেনদেন শুরুর পরপরই তেলের দামে উল্লেখযোগ্য উল্লম্ফন দেখা যায়।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকরের ছয় সপ্তাহেরও বেশি সময় পর দক্ষিণ লেবাননে আরও গভীরে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে ইসরায়েল। এতে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে।

সোমবারের লেনদেনে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৭১ শতাংশ বেড়ে ৮৯ দশমিক ৭৩ ডলারে পৌঁছায়। একই সময়ে ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৩৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ৯৩ দশমিক ২৮ ডলারে।

বাজার বিশ্লেষকদের মতে, ইসরায়েল-লেবানন পরিস্থিতির অবনতি মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা বাড়িয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা বা উত্তেজনা প্রশমনের উদ্যোগ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বিনিয়োগকারীদের উদ্বেগ আরও বাড়িয়েছে হরমুজ প্রণালিকে ঘিরে পরিস্থিতি। বিশ্বের মোট তেল ও গ্যাস পরিবহনের প্রায় ২০ শতাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবাহিত হয়। বিভিন্ন প্রতিবেদনে ইরানের পক্ষ থেকে নতুন করে মাইন পেতে রাখার আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে ঝুঁকি তৈরি করতে পারে।

আইজি মার্কেটসের বিশ্লেষক টনি সাইকামোর বলেন, যুদ্ধবিরতি বা কোনো ধরনের সমঝোতা হলেও তাৎক্ষণিকভাবে বাজারে অতিরিক্ত তেল সরবরাহ বাড়ার সম্ভাবনা কম। ফলে সরবরাহ-সংকটের আশঙ্কা এখনো রয়ে গেছে।

এদিকে সপ্তাহান্তে প্রকাশিত চীনের অর্থনৈতিক তথ্যও বাজারকে ভাবিয়ে তুলেছে। প্রত্যাশার তুলনায় দুর্বল অর্থনৈতিক সূচকে দেশটির শিল্প খাতে স্থবিরতার ইঙ্গিত মিলেছে, যা বৈশ্বিক জ্বালানি চাহিদা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। তবে বিশ্লেষকদের মতে, বর্তমানে চাহিদার চেয়ে সরবরাহ-সংক্রান্ত ঝুঁকিই তেলের বাজারে বেশি প্রভাব ফেলছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর