রায়নগরে বন্ধুর হাতে বন্ধু খুন, আটক ১
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:০৩ PM

রায়নগরে বন্ধুর হাতে বন্ধু খুন, আটক ১

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩১/০৫/২০২৬ ০৬:৪৮:২২ PM

রায়নগরে বন্ধুর হাতে বন্ধু খুন, আটক ১


নগরীর রায়নগর এলাকার দপ্তরীপাড়ায় এক বন্ধুর হাতে অন্য আরেক বন্ধু খুনের ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম জুয়েল (২৬)। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের ভেরা এলাকার আব্দুর রহিমের ছেলে। তিনি সিলেট মহানগরীর কোতোয়ালি থানার রায়নগর দপ্তরীপাড়ার সাকেরের কলোনিতে বসবাস করতেন।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় মো. হাবিল (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক মো. হাবিল সিলেটের শাহপরান (রহ.) থানার বালুচর এলাকার বাসিন্দা মো. আলীর ছেলে।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, জুয়েল ও হাবিল পরস্পর বন্ধু ছিলেন। সকালে পূর্ব বিরোধের জেরে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে হাবিল জুয়েলকে পাশের গোয়ালীছড়া খালে ফেলে দেন। এরপর ধারালো সুইচগিয়ার ছুরি দিয়ে তাঁর গলা, বুক ও পিঠে একাধিক আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে।

পরে স্থানীয়রা আহত অবস্থায় জুয়েলকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত হাবিলকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর