সিলেটে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। আধুনিক ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের দ্রুত ও সহজ ভূমিসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।
সোমবার সকালে সিলেট সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসন, সিলেট। ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এবং জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেন, অতীতে ভূমি-সংক্রান্ত সেবা নিতে সাধারণ মানুষকে নানা ধরনের ভোগান্তির শিকার হতে হতো। বর্তমানে তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর ফলে এসব সেবা মানুষের হাতের নাগালে পৌঁছে গেছে। এখন ঘরে বসেই সহজ ও দ্রুত ভূমিসেবা গ্রহণ করা সম্ভব হচ্ছে এবং হয়রানিও কমেছে।
জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানান, আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে “ভূমিসেবা মেলা-২০২৬” অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হবে।
মেলায় নাগরিকদের জন্য বিভিন্ন ধরনের ভূমিসেবা সরাসরি প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের নিবন্ধন, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন কার্যক্রমে সহায়তা, ই-নামজারি আবেদন, খতিয়ানের সার্টিফায়েড কপি ও মৌজা ম্যাপের আবেদন গ্রহণ এবং ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ।
এ ছাড়া অনলাইনে ডিসিআর ও ই-পর্চা সেবা, ডাকযোগে মৌজা ম্যাপ সরবরাহ এবং অর্পিত সম্পত্তি ইজারার অর্থ পরিশোধের ব্যবস্থাও থাকবে। সেবাগ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের তাৎক্ষণিক উত্তর দিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন।
মেলায় নাগরিকদের ডিজিটাল ভূমিসেবা ব্যবহারে উৎসাহিত করতে ১০টি বুথ স্থাপন করা হবে। এসব বুথে land.gov.bd পোর্টালে নিবন্ধন, ই-নামজারি আবেদন, অনলাইনে খাজনা পরিশোধ ও ফি জমা দেওয়ার পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।
আগামী ২০ মে জনসচেতনতামূলক সেমিনার বা সভার আয়োজন করা হবে। এতে ভূমি মন্ত্রণালয়ের চলমান উদ্যোগ, ডিজিটাল ভূমিসেবা সহজীকরণ এবং ভবিষ্যৎ ভূমি ব্যবস্থাপনার কর্মপরিকল্পনা তুলে ধরা হবে। পাশাপাশি ভূমিসেবা সংক্রান্ত অভিযোগ ও তথ্য প্রদানের জন্য হটলাইন নম্বর ১৬১২২ এবং ভূমিসেবা সহায়তা কেন্দ্র (এলএসএফসি) সম্পর্কেও সচেতনতা বৃদ্ধি করা হবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সাধারণ মানুষের মধ্যে বিতরণের জন্য “ভূমি আমার ঠিকানা” শীর্ষক বুকলেট সরবরাহ এবং ভূমিসেবা বিষয়ক তথ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থা থাকবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, সিলেট জেলার সীমিত ভূমি সম্পদের সুষ্ঠু, স্বচ্ছ ও পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করতে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও দুর্নীতিমুক্ত ভূমি প্রশাসন ব্যবস্থা গড়ে তুলতে নিরলসভাবে কাজ করা হচ্ছে। ইতোমধ্যে জেলার সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে ভূমিসেবায় অটোমেশন নিশ্চিত করা হয়েছে।
বর্তমানে land.gov.bd পোর্টাল ও ‘ভূমি’ (Bhumi) মোবাইল অ্যাপের মাধ্যমে ই-নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও মৌজা ম্যাপ সংগ্রহসহ বিভিন্ন মৌলিক ভূমিসেবা একক ডিজিটাল প্ল্যাটফর্মে প্রদান করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুরের জামান চৌধুরী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলালসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আজকের সিলেট/এপি
নিজস্ব প্রতিবেদক 








