ফুটপাতে ব্যবসার সুযোগ চেয়ে হকারদের সড়ক অবরোধ
রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৫৫ PM

ফুটপাতে ব্যবসার সুযোগ চেয়ে হকারদের সড়ক অবরোধ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭/০৫/২০২৬ ০৭:৫২:২৩ PM

ফুটপাতে ব্যবসার সুযোগ চেয়ে হকারদের সড়ক অবরোধ


প্রতিদিন বিকেল ৫টা থেকে ফুটপাতে ব্যবসা করার সুযোগ চেয়ে সিলেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন হকাররা। 

রোববার দুপুর থেকে সিলেট সিটি করপোরেশনের সামনের চত্বরে অবস্থান নেন হকাররা।

এ সময় সড়ক অবরোধ করে রাখলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে।

বিক্ষোভে অংশ নেওয়া অনেককে হাতে ভাতের থালা নিয়ে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা যায়। প্ল্যাকার্ডে লেখা ছিল- ‘হকার বাঁচলে, বাঁচবে দেশ, তারেক জিয়ার বাংলাদেশ’।

হকারদের দাবি, সারাদিন ব্যবসার সুযোগ না থাকলেও অন্তত বিকেল ৫টার পর ফুটপাতে বসে জীবিকা নির্বাহের সুযোগ দেওয়া উচিত।

তাদের ভাষ্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অনেক পরিবারের একমাত্র আয়ের উৎস হয়ে উঠেছে ফুটপাতের ছোট ব্যবসা।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন হকার অভিযোগ করেন, উচ্ছেদ অভিযানের সময় তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। অনেক ক্ষেত্রে মালামাল জব্দ করা হয় বলেও অভিযোগ তোলেন তারা। এসব অভিযান বন্ধ করে হকারদের জন্য মানবিক সমাধানের দাবি জানান বক্তারা।

তারা বলেন, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযান চালানো হলে বহু পরিবার চরম সংকটে পড়বে। তাই নির্দিষ্ট সময়ের জন্য হলেও ফুটপাতে ব্যবসার সুযোগ দেওয়ার আহ্বান জানান তারা।

প্রায় দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচির শেষ খবর পাওয়া পর্যন্ত হকাররা সিটি করপোরেশনের ফটকের সামনে অবস্থান করছিলেন।

এর আগে গত ১৪ মে একই দাবিতে সিলেট নগরে বিক্ষোভ মিছিল করেন হকাররা।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর