একটি নির্দিষ্ট ত্বক পরিচর্যার অভ্যাস সবারই থাকে। শুধু পরিষ্কার ও আর্দ্রতা বজায় রাখেন কেউ, আবার কেউ কয়েক ধাপের যত্ন অনুসরণ করেন।
তবে একসময় দেখা যায়, যে নিয়মে ত্বক ভালো থাকত, সেটি আর আগের মতো কাজ করছে না। ত্বক নিস্তেজ দেখাচ্ছে, উজ্জ্বলতা কমে গেছে বা হঠাৎ সমস্যাও দেখা দিচ্ছে।
এই পরিবর্তনগুলো উপেক্ষা করা হলেও এগুলোই লক্ষণ যে ত্বকের প্রয়োজন বদলেছে। তাই যত্নের ধরনেও পরিবর্তন আনা জরুরি।
একই পণ্য দীর্ঘদিন ব্যবহার করা
দীর্ঘদিন একই পণ্য ব্যবহার করলে ত্বক সেটার প্রতি অভ্যস্ত হয়ে যেতে পারে। তখন সেই পণ্য আগের মতো কার্যকর থাকে না। ত্বক বয়স, পরিবেশ ও জীবনযাত্রার সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবেই পরিবর্তিত হয়।
জারা'স বিউটি লাউঞ্জ অ্যান্ড ফিটনেস সেন্টারের প্রধান ও রূপ-বিশারদ ফারহানা রুমি বলেন, “ত্বকের বর্তমান অবস্থা অনুযায়ী পণ্য নির্বাচন করলে পরিবর্তন দেখতে পাওয়া যায়। অর্থাৎ, ত্বক আগে যা মানাত, এখন তা নাও মানতে পারে।”
ফলাফল না পাওয়া বড় সংকেত
অনেক সময় দেখা যায়, নিয়ম মেনে যত্ন নেওয়ার পরও ত্বকের সমস্যা কমছে না। ব্রণ কমানোর পণ্য ব্যবহার করেও ব্রণ বেড়ে যাচ্ছে বা একই জায়গায় বারবার সমস্যা হচ্ছে।
এই অবস্থার মানেই বর্তমান পদ্ধতি কাজ করছে না। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার প্রয়োজন হতে পারে।
তবে সঠিক উপাদান ও পদ্ধতি বেছে নিলে ত্বক দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে।
ঋতু পরিবর্তনের প্রভাব
প্রকৃতির সঙ্গে ত্বকের সম্পর্ক গভীর। গরমকালে ত্বক বেশি তৈলাক্ত হতে পারে, আবার শীতে তা শুষ্ক হয়ে যায়। আবার হঠাৎ রোদ হঠাৎ বৃষ্টি হলেও ত্বক আলাদা রূপ নেয়। তাই একই ধরনের যত্ন সারা বছর কার্যকর হয় না।
গরমে হালকা আর্দ্রতা বজায় রাখা যথেষ্ট হলেও শীতে প্রয়োজন বেশি পুষ্টি ও যত্ন। আবার রোদ-বৃষ্টির মিশ্র দিনেও আর্দ্রতা প্রয়োজন।
“তবে একটি বিষয় সবসময় অপরিবর্তিত থাকে। আর তা হলো সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে সুরক্ষা। বছরের যেকোনো সময় ত্বককে এই সুরক্ষা দিতেই হবে”- বলেন ফারহানা রুমি।
ত্বকের ধরন বদলে গেলে কী করা?
অনেক সময় হঠাৎ করে ত্বক সংবেদনশীল হয়ে ওঠে, বা আগে যে পণ্য কোনো সমস্যা করত না, এখন তা জ্বালা বা লালচেভাব তৈরি করে। এটি ত্বকের পরিবর্তনের একটি লক্ষণ।
এই রূপ-বিশারদের মতে, "এমন হলে পণ্য ব্যবহার বন্ধ করে ধীরে ধীরে নতুন পণ্য যুক্ত করা উচিত। এতে বোঝা সহজ হয় কোনটি ত্বকের জন্য উপযোগী আর কোনটি নয়।"
একসঙ্গে সব পরিবর্তন নয়
অনেকে মনে করেন, সব সমস্যা একসঙ্গে সমাধান করতে পুরো রুটিনই বদলে ফেলতে হবে। তবে এটি ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে।
এই রূপচর্চাকর পরামর্শ দেন, একবারে একটি করে পণ্য পরিবর্তন করতে। এতে ত্বক ধীরে ধীরে নতুন উপাদানের সঙ্গে মানিয়ে নিতে পারে। একই সঙ্গে কোনো সমস্যা হলে সেটার কারণও সহজে বোঝা যায়।
সঠিকভাবে পণ্য পরিবর্তনের কৌশল
নতুন পণ্য ব্যবহার শুরু করার সময় ধৈর্য রাখা দরকার। প্রথমেই সব কিছু বদলে না ফেলে, প্রতিদিনের ব্যবহারের গুরুত্বপূর্ণ পণ্যগুলোতে পরিবর্তন আনাই ভালো।
যেমন- পরিষ্কারক, আর্দ্রতা বজায় রাখার পণ্য বা ত্বকের পুষ্টির জন্য ব্যবহৃত উপাদানগুলো আগে বিবেচনা করা যেতে পারে।
একই সঙ্গে উপাদান তালিকা খেয়াল করা উচিত, যাতে ত্বকের জন্য ক্ষতিকর কিছু না থাকে।
মৃত কোষ দূর করা জরুরি
ত্বকের ওপর জমে থাকা মৃত কোষ অনেক সময় উজ্জ্বলতা কমিয়ে দেয়। নিয়মিত তা দূর না করলে অন্য পণ্যও ঠিকমতো কাজ করতে পারে না।
এই ক্ষেত্রে হালকা স্ক্রাব করে ত্বক পরিষ্কার রাখা যেতে পারে। তবে তা যেন খুব বেশি না হয়, সেদিকেও খেয়াল রাখা জরুরি।
আজকের সিলেট/এপি
লাইফস্টাইল ডেস্ক 








