ফ্রান্সে পালিয়ে আছেন শারমিন হত্যা মামলার আসামী সৈয়দ আরিফুল
রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:৪৬ PM

ফ্রান্সে পালিয়ে আছেন শারমিন হত্যা মামলার আসামী সৈয়দ আরিফুল

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০২/২০২৬ ০২:১২:০০ AM

ফ্রান্সে পালিয়ে আছেন শারমিন হত্যা মামলার আসামী সৈয়দ আরিফুল


দীর্ঘ ১১ বছর পেরিয়ে গেলেও সিলেটের গোলাপগঞ্জে সংঘটিত শারমিন হত্যা মামলার অন্যতম আসামি সৈয়দ আরিফুল ইসলাম এখনো গ্রেফতার হয়নি। গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ তাকে আটক করতে পারেনি বলে জানা গেছে।

সূত্র জানায়, ঘটনার পর থেকেই সৈয়দ আরিফুল ইসলাম দেশ ছেড়ে পলাতক রয়েছেন। বিশেষ সূত্রের তথ্য অনুযায়ী, তিনি অবৈধভাবে দেশত্যাগ করে বর্তমানে ফ্রান্সের একটি শহরে অবস্থান করছেন। তবে তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়ে এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।

নিহত শারমিনের বাবা ক্ষোভ প্রকাশ করে বলেন, “দীর্ঘদিন পার হলেও এখন পর্যন্ত আমার মেয়ের হত্যাকারীদের গ্রেফতার করা হয়নি। আমি চাই আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।”

মামলার আইনজীবী জানান, অভিযুক্ত সৈয়দ আরিফুল ইসলাম ও তার ভাই রাসেল আহমদ এখনও পলাতক রয়েছেন। তারা দেশের বাইরে অবস্থান করায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণে জটিলতা তৈরি হচ্ছে।

তিনি জানান, সিলেটের দায়রা ও জজ আদালত ০২ মার্চ ২০২৫ সালে এ মামলার রায় ঘোষণা করেন। আদালত প্রধান আসামি সৈয়দ আরিফুল ইসলামকে দণ্ডবিধির ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন এবং তার ভাই রাসেল আহমদকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন।

তিনি আরও বলেন, “আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে ঘোষিত শাস্তি কার্যকর করা সম্ভব হচ্ছে না। তবে দেশে ফিরিয়ে আনা গেলে তাদের আইনের আওতায় এনে শাস্তি কার্যকর করা হবে।”

উল্লেখ্য, ২০১৫ সালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় শারমিন নামের এক কিশোরীকে হত্যার অভিযোগে স্থানীয় এক ফটো স্টুডিও মালিক সৈয়দ আরিফুল ইসলাম ও তার ভাইয়ের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় হত্যা মামলা এবং সাইবার আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। মামলা নম্বর ১১১/২০১৫ ও ১১৯/২০১৫।

হত্যা মামলার রায় ইতোমধ্যে ঘোষণা হয়েছে, তবে সাইবার মামলা এখনো বিচারাধীন রয়েছে। আসামিরা দেশের বাইরে অবস্থান করায় তাদের বিরুদ্ধে রায় কার্যকর করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর