কথার চেয়ে আগে কাজ করা ভাল, বললেন আফঈদা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫২ PM

কথার চেয়ে আগে কাজ করা ভাল, বললেন আফঈদা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৮/০৩/২০২৬ ০৩:১৬:০৮ PM

কথার চেয়ে আগে কাজ করা ভাল, বললেন আফঈদা


বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি। যাকে অনেকেই স্বল্পভাষী হিসেবে চেনেন। সংবাদ সম্মেলনে অনেকের মতো কথার ফুলঝুরি ছোটে না তাঁর মুখ থেকে, প্রশ্নের উত্তরগুলোও আসে এক দুই বাক্যে। কিন্তু তা দিয়ে তো আর সাংবাদিকের প্রতিবেদন হয় না। যে কারণে আজ প্রশ্ন হলো আফঈদা কেন এত কম কথা বলে। অধিনায়কের সরল জবাব, ‘মনে হয় যে কথার চেয়ে আগে কাজ করা ভালো।’ 

আগামীকাল সোমবার ‘বি’ গ্রুপের শেষ খেলায় উজবেকিস্তানকে মোকাবিলা করবে বাংলাদেশ। তার আগে আজ হয়ে গেল প্রি-ম্যাচ প্রেস কনফারেন্স। সেখানে বাংলাদেশ কোচ পিটার বাটলারের সঙ্গে আসেন অধিনায়কও। 

বাংলাদেশ থেকে টুর্নামেন্ট কভার করতে যাওয়া একজন সাংবাদিক আফঈদাকে জিজ্ঞেস করেন, আপনার উত্তর দেওয়ার ধরনটা বেশ ভালো। আপনি এক কথায় বা এক লাইনে উত্তর দিতে পছন্দ করেন। এই বিষয়টা কি অনেকটা মুস্তাফিজুর রহমানের (ক্রিকেটার) মতো কি না? উনিও এমন ছোট উত্তর দিতে পছন্দ করেন।

উত্তরে আফঈদা খন্দকার বলেন, ‘মোস্তাফিজুর ভাই যে অবস্থানে আছেন, উনি ওনার জায়গায় সেরা। আমি উনাকে ফলো করি না। তবে হ্যাঁ, আমি ক্রিকেট খেলা সেভাবে দেখি না। আমার কাছে মনে হয় যে কথার চেয়ে কাজ আগে করা ভালো। কথা বলতে গেলে অনেক কিছু বলা যায়, কিন্তু কাজে অনেক কিছু করা সম্ভব হয় না। তো কাজ করে দেখালে আর কী, কথা না বললেও চলে।’

কাল বাংলাদেশ ম্যাচটি খেলবে পার্থের রেক্ট্যাঙ্গুলার স্টেডিয়ামে। এর আগের দুই ম্যাচ ছিল সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে। এছাড়া প্রস্তুতির জন্য বাংলাদেশ পেয়েছিল সিডনির জুবিলি স্টেডিয়াম। সবগুলো মাঠই দারুণ সুবিধা সম্বলিত, ছবির মতো সুন্দর মাঠ প্রশান্তিও দেয়। বাংলাদেশে থাকতে এমন কোনো মাঠে অনুশীলন করতে পারেননি আফঈদারা। যে কারণে অস্ট্রেলিয়ার মাঠ দেখে অধিনায়ক আক্ষেপ করেছেন। 

আজ সাংবাদিকদের আফঈদা বলেন, ‘আমি প্রথম দিন থেকেই বলে আসছি যে আমাদের যদি দেশের মাঠগুলো ভালো থাকে, তাহলে আমরা আরও ভালো প্র্যাকটিস করতে পারব, আমাদের সুবিধা হবে। আমাদের দেশে একটা ভালো মাঠের খুব প্রয়োজন... সেটি যদি খুব তাড়াতাড়ি করা হয় তবে দেশের ফুটবলের জন্য অনেক ভালো হবে।’

বাংলাদেশ সময় সোমবার বিকেল ৩টায় উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। খেলাটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল টি-স্পোর্টস।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর