বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ, টিকিট বিক্রিতে ভয়াবহ ধস
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৭ AM

বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ, টিকিট বিক্রিতে ভয়াবহ ধস

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৯/০২/২০২৬ ০৮:৫৫:০৬ AM

বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ, টিকিট বিক্রিতে ভয়াবহ ধস


টি–টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ জায়গা না পাওয়ায় বড় ধরনের প্রভাব পড়েছে টুর্নামেন্টের জনপ্রিয়তায়। বাংলাদেশের অনুপস্থিতিতে বিশ্বকাপের জৌলুস অনেকটাই ম্লান হয়ে গেছে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। এর সরাসরি প্রভাব পড়েছে টিকিট বিক্রিতে, যেখানে ভারতসহ আয়োজক দেশগুলোতে দেখা যাচ্ছে নজিরবিহীন ধস।

টি–টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বে বাংলাদেশের চারটি ম্যাচের মধ্যে তিনটি হওয়ার কথা ছিল কলকাতার ইডেন গার্ডেন্সে এবং একটি মুম্বাইয়ে। কিন্তু বাংলাদেশ না থাকায় কলকাতার দর্শকদের আগ্রহে বড় ধরনের ভাটা পড়েছে। ভারতের গণমাধ্যমগুলোর প্রতিবেদনে উঠে এসেছে, বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে গ্রুপে অন্তর্ভুক্ত করায় স্থানীয় ক্রিকেটপ্রেমীরা ম্যাচগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, কলকাতায় বিশ্বকাপ ম্যাচের টিকিট বিক্রিতে স্পষ্ট মন্দাভাব দেখা যাচ্ছে। কলকাতা মোহামেডান স্পোর্টিং ক্লাবের বাইরে স্থাপিত টিকিট কাউন্টারগুলো প্রায় ফাঁকা পড়ে আছে। বিশ্বকাপের মতো একটি মেগা ইভেন্টে এমন দর্শক–সংকট আগে কখনো দেখা যায়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় আয়োজকরা।

পরিসংখ্যান বলছে, উদ্বোধনী দিনে ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজ–স্কটল্যান্ড ম্যাচের জন্য শুক্রবার পর্যন্ত বিক্রি হয়েছে মাত্র ২ হাজার ৯১৭টি টিকিট। অথচ, এই স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা প্রায় ৬৫ হাজার। একইভাবে ১৬ ফেব্রুয়ারি ইংল্যান্ড–ইতালি ম্যাচের টিকিট বিক্রি হয়েছে মাত্র ৪ হাজার ৯৭০টি এবং ১৯ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ–ইতালি ম্যাচের জন্য বিক্রি হয়েছে মাত্র ১ হাজার ২৪৮টি টিকিট।

এই হতাশাজনক চিত্র স্থানীয় আয়োজকদের পাশাপাশি আইসিসিকেও ভাবিয়ে তুলেছে। বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় দল বাংলাদেশকে বিশ্বকাপের বাইরে রাখার সিদ্ধান্তই টিকিট বিক্রিতে এমন ভয়াবহ ধসের অন্যতম কারণ। অনেকেরই মত, বাংলাদেশের মতো বড় সমর্থকগোষ্ঠী থাকা একটি দল ছাড়া বিশ্বকাপ আয়োজন যে কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে, তার বাস্তব প্রমাণ মিলছে এবার।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর