বিশ্বনাথে অযত্ন আর অবহেলায় পড়ে আছে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:১৬ PM

বিশ্বনাথে অযত্ন আর অবহেলায় পড়ে আছে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ

বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৮/২০২৫ ১০:৫৩:৫৯ AM

বিশ্বনাথে অযত্ন আর অবহেলায় পড়ে আছে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ


বিশ্বনাথ উপজেলার প্রাণকেন্দ্র নতুন বাজারে পৌরসভা কার্যালয়ের সামনেই অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ। মহান মুক্তিযুদ্ধ ও বীর শহীদদের স্মৃতিকে সম্মান জানাতে এটি নির্মাণ করা হয়েছিল। অবকাঠামোগত স্থাপনাটি বিশ্বনাথ উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত হওয়ার পর জাঁকজমকভাবে এটির উদ্বোধনহয় গত আওয়ামী লীগ সরকারের আমলে।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এটি উত্তেজিত ছাত্র-জনতার রোষানলে পড়ে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। ইটপাটকেলের আঘাতে ভেঙে যায় নামফলক। সেই ক্ষতিগ্রস্ত স্থান আজও মেরামতের উদ্যোগ নেয়নি প্রশাসন। দিন-রাত তালাবদ্ধ থাকে স্মৃতিসৌধটি। এটি দেখভালের দায়িত্বে আছেন- এমন কাউকে খুঁজে পাওয়া যায় না। অযত্ন, অবহেলায় নান্দনিক এই স্থাপনার আঙিনা এখন ঝোপ- জঙ্গলে পরিপূর্ণ। পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কেউ না থাকায় এখানে ভ‚তুড়ে পরিবেশের সৃষ্টি হয়েছে।

উদ্বোধনের পর স্মৃতিসৌধটি দেখার জন্য অনেকেই ভিড় জমাতেন। অথচ এখন মুখ ফিরিয়ে নিয়েছেন সবাই। স্মৃতিসৌধটি এখন লতাপাতা ও ঝোপঝাড়ে ঢেকে গিয়ে অবহেলার চিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে। প্রশাসনের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে কোনো ধরনের পরিচ্ছন্নতা বা রক্ষণাবেক্ষণের উদ্যোগ দেখা যায়নি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরো স্থাপনাজুড়ে জঙ্গল। বর্তমানে সাপ-বিচ্ছুর আশ্রয়স্থলে পরিণত হয়েছে এটি। সৌন্দর্য হারিয়ে ফেলে এটি যেন একটি পরিত্যক্ত স্থান। যে স্মৃতিসৌধ বীরমুক্তিযোদ্ধা ও রাষ্ট্রের গৌরবের প্রতীক হওয়ার কথা ছিল, তা আজ পরিণত হয়েছে ভয়ানক জায়গায়।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান, সাহেদ আলী ও রফিক মিয়ার সাথে কথা হলে তারা এখানকার ঝোপঝাড় পরিষ্কার করা এবং তালাবদ্ধ না রেখে দায়িত্বে থাকা ব্যক্তিদের মাধ্যমে খুলে দেয়ার দাবি জানান প্রশাসনের প্রতি।

বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় বলেন, শিগগির স্থাপনাটির ঝোপঝাড় পরিষ্কারের ব্যবস্থা নেওয়া হবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর