সিলেটে জেলার দক্ষিণ সুরমা উপজেলার নিজ জালালপুরে তৃণমূলে নারীর ক্ষমতায়ন ও জনাব তারেক রহমান ঘোষিত ফ্যামিলি কার্ড শীর্ষক আলোচনা সম্পন্ন। আলোচনা সভাটি শনিবার সকাল ১১ ঘটিকার সময় গরীব নেওয়াজ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
জালালপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জনাব ফয়জুল হক -এর সভাপতিত্বে এবং নর্থ ইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী, ক্যালিওগ্রাফিতে জাতীয় পুরস্কার প্রাপ্ত সুমাইয়া আক্তার সুমির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা, সিলেট-৩ আসনের গণমানুষের নেতা জননেতা ব্যারিস্টার এম এ সালাম।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার সালাম বলেন, নারীর ক্ষমতায়ন ও জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত ফ্যামিলি কার্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে আজকের এই আয়োজন। জনাব তারেক রহমান আগামীর বাংলাদেশ এমন দেখতে চান যেখানে মানুষের ভাগ্য পরিবর্তন হবে। প্রত্যেকটি মানুষ অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হবে। নিজের ও পরিবারেরর আর্থসামাজিক নিরাপত্তা এবং সঞ্চয় নিশ্চিত হবে।
কর্মসংস্থানের মাধ্যমে প্রতিটি নারী ও পুরুষের বেকারত্ব সমস্যা ঘুচবে। নারীদের সম্মান, স্বাধীনতা ও ক্ষমতায়ন নিশ্চিত হবে।
আমাদের সন্তানদের আধুনিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধ-এর শিক্ষা নিশ্চিত হবে। মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পাবে। শিক্ষা ব্যবস্থায়-প্রাথমিক স্কুলের শিক্ষকদের অর্থনৈতিক সুবিধা ও সামাজিক মর্যাদা বৃদ্ধি করা হবে এবং তাদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনা হবে। দেশের ও প্রবাসী শিক্ষাবিদ, পেশাজীবী ও বিশেষজ্ঞদের সমন্বয়ে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে। স্বাস্থ্য সেবায়-রোগ প্রতিরোধকে প্রাধান্য দিয়ে টিকাদান, স্বাস্থ্য শিক্ষা এবং জনসচেতনতা তৈরির একাধিক কর্মসূচি বাস্তবায়ন করা হবে। স্বাস্থ্যকর জীবনযাপন, স্যানিটেশন এবং পুষ্টির উপর জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করা হবে। নারীর ক্ষমতায়নে -প্রায় প্রান্তিক চার কোটি পরিবারের মধ্যে প্রাথমিক পর্যায়ে ৫০ লক্ষ দরিদ্র গ্রামীণ পরিবারের জন্য 'ফ্যামিলি কার্ড' চালু করা হবে।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও স্কুল-কলেজ- বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা এবং কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা সহ এক সহস্রাধিক মহিলা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ক্যালিওগ্রাফিতে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুমাইয়া আক্তার সুমির হাতে সম্মাননা স্মারক তুলে দেন ব্যারিস্টার সালাম।
আজকের সিলেট/এপি









