সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা দেশের সবশেষ ঘোষিত দেশের তিনটি উপজেলার একটি। ২০২১ সালের ২৬ জুলাই উপজেলা হিসেবে ঘোষণা করা হলেও এখানে প্রশাসনিক কার্যক্রমের ক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি হয়নি। অতিরিক্ত দায়িত্বের ইউএনও দিয়ে চলছে জেলার সবচেয়ে প্রত্যন্ত জনপদের উপজেলাটি। সেবা পেতে পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলায় দৌড়ঝাঁপ করতে হয় এলাকার বাসিন্দাদের।
খোঁজ নিয়ে জানা গেছে, গত তিন বছরের বেশি সময় ধরে এই উপজেলার কার্যক্রম শুরু হলেও এখনো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ সহকারী কমিশনারের (ভূমি) পদ সৃজন হয়নি।
উপজেলার শুরু থেকে এখন পর্যন্ত ছয়জন ইউএনও দায়িত্ব পালন করলেও চারজনই ছিলেন অতিরিক্ত দায়িত্বে। তারা পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলার ইউএনও। সেখান থেকে দায়িত্ব পালন করেন মধ্যনগরেও। মূল দায়িত্ব হিসেবে এখানে ছিলেন দুজন। কোনো ইউএনও এখানে থাকতে না চাওয়ায় পূর্ণাঙ্গ প্রশাসনিক ইউনিট হিসেবে দাঁড়াচ্ছে না হাওরের এই উপজেলাটি।
আরও জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর সর্বশেষ দায়িত্বে থাকা ইউএনও অতীশ দশী চাকমা বদলি হওয়ায় আবারও অতিরিক্ত দায়িত্বের গ্যাঁড়াকলে পড়েছে উপজেলাটি। ইউএনও ও অন্যান্য পদের কর্মকর্তা না থাকায় নানা ভোগান্তির মধ্যে পড়ছেন উপজেলাবাসী।
উপজেলা সদরের বাসিন্দা নুরুল আলম জানান, সবশেষ ইউএনও বদলির পর পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলায় কর্মরত ইউএনও মোছাম্মদ গিয়াস উদ্দিনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পাওয়ার পরে এ পর্যন্ত তিনি মাত্র এক দিন মধ্যনগরে অফিস করেন। এ অবস্থায় সেবা পেতে বেগ পোহাতে হচ্ছে সাধারণ জনগণের।
সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া জানান, এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। খুব দ্রুত নবসৃষ্ট এই উপজেলায় ইউএনও নিয়োগ দেওয়া হবে আশা করছি।’
আজকের সিলেট/বিএন/ডি/এসটি
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি 








