সিলেট বিভাগে হামে আরও এক শিশুর মৃত্যু, নতুন করে ভর্তি ৯৮
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪১ PM

সিলেট বিভাগে হামে আরও এক শিশুর মৃত্যু, নতুন করে ভর্তি ৯৮

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪/০৮/২০২৬ ০২:১৯:২৩ PM

সিলেট বিভাগে হামে আরও এক শিশুর মৃত্যু, নতুন করে ভর্তি ৯৮


সিলেট বিভাগে হামের পরিস্থিতি এখনো উদ্বেগজনক। নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত না হলেও গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮ জন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় সাব্বির আহমদ নামে ১০ মাস ১৫ দিনের এক শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে বিভাগজুড়ে সন্দেহজনক হাম রোগী হিসেবে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৪৮ জন। সোমবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম ও রুবেলা রোগের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

মৃত সাব্বির আহমদ হবিগঞ্জের নবীগঞ্জ সদর এলাকার বাসিন্দা। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

স্বাস্থ্য বিভাগের হিসাবে, গত ২৪ ঘণ্টায় নতুন কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। তবে সন্দেহজনক রোগী হিসেবে ৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪০ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬ জন, নর্থ ইস্ট হাসপাতালে একজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে বিভাগের হাসপাতালগুলোতে সন্দেহজনক হাম রোগী হিসেবে চিকিৎসাধীন ৩৪৮ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৫১ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০৫ জন রয়েছেন। এছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, নর্থ ইস্ট হাসপাতালে চারজন এবং বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন চিকিৎসা নিচ্ছেন।

এ বছরের ১ জানুয়ারি থেকে ২৪ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে মোট ১ হাজার ১৫ জনের শরীরে। এর মধ্যে সিলেটে ৩৪৭ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। নিশ্চিত হাম শনাক্ত হওয়া রোগীদের মধ্যে দুজন রুবেলা রোগীও রয়েছেন। মৃত্যুর হিসাবেও পরিস্থিতি উদ্বেগজনক। সন্দেহজনক হাম রোগীর মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি সুনামগঞ্জে, যেখানে এ পর্যন্ত ৫৬ জনের মৃত্যু হয়েছে। সিলেটে ৫১ জন, হবিগঞ্জে ১৫ জন এবং মৌলভীবাজারে ১২ জন সন্দেহজনক হাম রোগী মারা গেছেন। অন্যদিকে নিশ্চিত হাম রোগীর মৃত্যুর হিসাবে সিলেট ও হবিগঞ্জে চারজন করে, মৌলভীবাজার ও সুনামগঞ্জে একজন করে মারা গেছেন।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাব অনুযায়ী, সন্দেহজনক ও নিশ্চিত উভয় ধরনের হাম রোগী মিলিয়ে ২৪ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৪৪ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, নতুন করে নিশ্চিত হাম রোগী শনাক্ত না হলেও সন্দেহজনক রোগীদের হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। ফলে সিলেট বিভাগের হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ এখনো পুরোপুরি কাটেনি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর