বাহুবলে দোকানে দেশীয় অস্ত্র নিয়ে হামলা, নারীসহ আহত ৫
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪০ PM

বাহুবলে দোকানে দেশীয় অস্ত্র নিয়ে হামলা, নারীসহ আহত ৫

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৮/২০২৬ ১২:৫৫:৪৪ PM

বাহুবলে দোকানে দেশীয় অস্ত্র নিয়ে হামলা, নারীসহ আহত ৫


হবিগঞ্জের বাহুবল উপজেলার হাফিজপুর এলাকায় পূর্বশত্রুতার জেরে একটি দোকানে হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দোকানটিতে হামলার এ ঘটনা ঘটে। এতে নারীসহ পাঁচজন আহত হয়েছেন। একই সঙ্গে দোকান থেকে নগদ টাকা ও বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন মালিক মো. কামাল মিয়া। তার দাবি, লুট হওয়া সম্পদসহ মোট ক্ষতির পরিমাণ প্রায় ৩ লাখ টাকা।

কামাল মিয়া জানান, পূর্ববিরোধের জের ধরে রাতের অন্ধকারে প্রতিপক্ষের লোকজন অস্ত্র নিয়ে তার দোকানে আকস্মিকভাবে হামলা চালায়। একপর্যায়ে তারা দোকানে ভাঙচুর ও লুটপাটের চেষ্টা করলে স্বজনরা বাধা দেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

সংঘর্ষের সময় দেশীয় অস্ত্রের আঘাতে মো. আব্দুল কাইয়ুম (৪৫), ইলিয়াছ মিয়া (৩২), মো. মিলাদ মিয়া (২৪), মোছা. বিলকিস আক্তার (২৫) ও মোছা. ইনা আক্তার (৪০) আহত হন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠান।

দোকান মালিকের অভিযোগ, হামলার একপর্যায়ে হামলাকারীরা দোকান থেকে নগদ টাকা ও বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে যায়। এতে তার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগীদের দাবি, পূর্বশত্রুতার কারণেই পরিকল্পিতভাবে হামলাটি চালানো হয়েছে। তারা হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর