হবিগঞ্জের লাখাই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- উপজেলার বুল্লা ইউনিয়নের গোয়াকারা গ্রামের রউফ মিয়ার ছেলে ফরাজ মিয়া (৩০) ও রহমত আলীর ছেলে জমশেদ মিয়া (৩৫)।
বুধবার রাতে বুল্লা ইউনিয়নের গোয়াকারা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় হঠাৎ ধমকা হাওয়ায় বিদ্যুতের তার ছিঁড়ে ওই দুই ব্যক্তির গায়ে পড়লে বিদ্যুৎস্পৃষ্টে তাদের মৃত্যু হয়।
বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট খোকন চন্দ্র গোপ বলেন, বুধবার সন্ধ্যার সময় হঠাৎ ধমকা হাওয়া শুরু হয়। এ সময় নিহতরা পার্শ্ববর্তী দোকান থেকে বাড়ি যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এতে দুইজনের মৃত্যু হয়। ঘটনার পর পরই স্থানীয় লোকজন নিহত ব্যক্তিদেরকে হবিগঞ্জ জেলা সদরে ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
লাখাই উপজেলার পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম আসাদুজ্জামান অনুজ বলেন, বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে জানতে পেরেছি। আপাতত গোয়াকারা গ্রামের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
আজকের সিলেট/ডি/এসটি
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি 








