গোয়াইনঘাটের জাফলংয়ে মুজিবুর রহমান (মুজিব) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মুজিবুর রহমান উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের পাথরটিলা গ্রামের আশু মিয়ার ছেলে।
বুধবার সকালে জাফলং বন বিটের রহমতপুর এলাকা থেকে গোয়াইনঘাট থানা পুলিশ তার মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানাযায়, মঙ্গলবার বিকেলে মুজিব বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর রাতে আর বাড়ি ফিরেনি। বুধবার সকালে স্থানীয় লোকজন গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে গোয়াইনঘাট থানার এস আই ফখরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার ও মৃতদেহের প্রাথমিক সুরতাহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। তবে অধিকতর তদন্ত এবং ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর মূল রহস্য বেরিয়ে আসবে বলে তিনি জানান।
আজকের সিলেট/প্রতিনিধি/এসটি
গোয়াইনঘাট প্রতিনিধি 








