সুনামগঞ্জের তাহিরপুর বাজারে মদ্যপ অবস্থায় মাতলামি ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে উপজেলা কৃষক দলের দুই নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে তাহিরপুর বাজারের নৌকাঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন তাহিরপুর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান কবির ও উপজেলা কৃষক দলের নেতা আকবর আলী।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে ওই দুই ব্যক্তি মদ্যপ অবস্থায় বাজারে অসংলগ্ন আচরণ ও মাতলামি করছিলেন। তাঁদের এমন আচরণে বাজারে চলাচলকারী সাধারণ মানুষ বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। পাশাপাশি বাজারের স্বাভাবিক পরিবেশও বিঘ্নিত হয়। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তাঁদের আটক করা হয়।
স্থানীয়দের অভিযোগ, ওই দুই ব্যক্তি প্রায়ই মাদক সেবন করে বাজারে এসে এ ধরনের বিশৃঙ্খল আচরণ করেন। তাঁদের এমন কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক সেবন করে জনসমক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আজকের সিলেট/ জেকেএস
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি 








