বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

দিরাইয়ে নারী বাউল শিল্পীদের গানের আয়োজন বন্ধ, পুলিশের কাছে আপত্তি

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২২/১০/২০২৬ ০৬:২৪:৪২ অপরাহ্ন

দিরাইয়ে নারী বাউল শিল্পীদের গানের আয়োজন বন্ধ, পুলিশের কাছে আপত্তি


বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্মভূমি সুনামগঞ্জের দিরাইয়ে নারী শিল্পীদের নিয়ে বাউল গানের একটি আয়োজন বন্ধ হয়ে গেছে। স্থানীয় দুই ব্যক্তির লিখিত আপত্তির পর আয়োজকদের সঙ্গে কথা বলে অনুষ্ঠানটি না করার সিদ্ধান্তের কথা জানিয়েছে পুলিশ।

দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া-রাধানগর গ্রামে যুক্তরাজ্যপ্রবাসী স্থানীয় বাসিন্দা শওকত আলী এ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। বৃহস্পতিবার অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। এতে তানিশা ও নিলা নামে দুই নারী বাউল শিল্পীর গান পরিবেশনের কথা ছিল। এ উপলক্ষে এলাকায় পোস্টারও লাগানো হয়েছিল।

বুধবার অনুষ্ঠানটি বন্ধ বা স্থগিত করার উদ্যোগ নিতে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের কাছে লিখিত আবেদন করেন স্থানীয় দুই বাসিন্দা আতাহার আলী রাহাত ও কামরুল হাসান মিটু। তাঁরা গ্রামবাসীর পক্ষে আবেদনটি করেন।

আবেদনে বলা হয়, হাতিয়া গ্রাম দীর্ঘদিন ধরে ধর্মীয় মূল্যবোধ ও ইসলামী ঐতিহ্যের জন্য পরিচিত। গ্রামে একটি আলিম মাদ্রাসা, একজন আল্লাহর ওলির মাজার এবং অনেক আলেম-ওলামার বসবাস রয়েছে। গানের অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ তৈরি হয়েছে বলে আবেদনকারীরা উল্লেখ করেন।

আবেদনকারীদের দাবি, আয়োজকদের প্রচার অনুযায়ী অনুষ্ঠানে নারী শিল্পীদের গান পরিবেশনের ব্যবস্থা ছিল। আয়োজন অব্যাহত থাকলে উত্তেজনা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা। গ্রামের ধর্মীয় ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

আবেদনে আরও বলা হয়, গ্রামে আগে এ ধরনের আয়োজনের নজির নেই। ধর্মীয় ঐতিহ্য, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার পাশাপাশি অপ্রীতিকর ঘটনা, সংঘাত ও সহিংসতা এড়াতে চান তাঁরা।

দিরাই থানার ওসি আমিনুল ইসলাম বৃহস্পতিবার সিলেটটুডেকে বলেন, গানের অনুষ্ঠান নিয়ে আপত্তি পাওয়ার পর আয়োজকদের সঙ্গে কথা বলেছিল পুলিশ। তাঁরা গান-বাজনা করবেন না বলে আশ্বস্ত করেছেন। ফলে বিষয়টির মীমাংসা হয়েছে।

বাউল গানের জন্য পরিচিত ভাটির জনপদে এ ধরনের আয়োজন বন্ধের বিষয়ে ওসি বলেন, আপত্তিকারীরা বাউল গান নিয়ে আপত্তি জানাননি; তাঁদের আপত্তি নারী শিল্পীদের উপস্থিতি নিয়ে। নারী শিল্পীদের কারণে অশ্লীল নৃত্যসহ অসামাজিক কার্যকলাপ হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ রক্ষার কথা উল্লেখ করে তাঁরা অনুষ্ঠান বন্ধের আবেদন করেছেন।

চলতি মাসের শুরুতেও দিরাইয়ে স্থানীয় একটি পক্ষের আপত্তিতে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত করা হয়েছিল। গত ৫ অক্টোবর দিরাই উপজেলা স্টেডিয়ামে দিরাইয়ের স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাব ও সিলেটের জারা স্পোর্টিং ক্লাবের মেয়েদের মধ্যে ম্যাচটি হওয়ার কথা ছিল।

আয়োজক স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাবের সভাপতি ও কোচ রাকিব আহমেদ ভূঁইয়া জানিয়েছিলেন, খেলার আগের রাতে কয়েকজন ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গিয়ে ম্যাচটি বন্ধের দাবি জানান। পরে ইউএনওর সঙ্গে আলোচনার পর ম্যাচটি স্থগিত করা হয়।

কোচ রাকিব আহমেদ বলেন, দিরাই পৌর এলাকার চণ্ডীপুরের বাসিন্দা মাওলানা শরিফ উদ্দিনসহ কয়েকজন খেলার নামে ‘অশ্লীলতা’ বন্ধের দাবি জানিয়েছিলেন। ইউএনও কার্যালয় থেকে বেরিয়ে তাঁরা এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। পরে প্রশাসনের নির্দেশে খেলাটি স্থগিত রাখতে হয়।

বাউল শাহ আব্দুল করিম ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি দিরাইয়ের উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন। ২০০৯ সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি নিজ গ্রামে থেকেই সংগীতচর্চা করেছেন। তবে গানের কারণে তাঁকেও উগ্রবাদীদের বাধার মুখে পড়তে হয়েছিল।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর