রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট ২৮ নভেম্বর

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ০১/১১/২০২৬ ০৩:৫৭:৪৪ অপরাহ্ন

আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট ২৮ নভেম্বর


দীর্ঘ আট বছরের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। অবশেষে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ নভেম্বর দেশের ২২৯টি চা বাগানে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শুক্রবার (৩০ অক্টোবর) নির্বাচনের এ তফসিল ঘোষণা করা হয়।

সর্বশেষ ২০১৮ সালের ২৪ জুন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, ২০২১ ও ২০২৪ সালে পরবর্তী দুটি নির্বাচন হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে তা আয়োজন করা সম্ভব হয়নি। ফলে দীর্ঘদিন ধরে নির্বাচনের অপেক্ষায় ছিলেন চা শ্রমিকেরা।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৫ ও ৬ নভেম্বর মনোনয়নপত্র বিতরণ করা হবে। ৭ থেকে ৯ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। ১০ ও ১১ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১১ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১২ নভেম্বর মনোনয়নপত্রের ওপর আপিল ও শুনানি অনুষ্ঠিত হবে।

১৩ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। ১৪ নভেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। একই দিন থেকে প্রতীক বরাদ্দ শুরু হয়ে চলবে ১৫ নভেম্বর পর্যন্ত।

আগামী ২৮ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এবারের নির্বাচনে বাগান পর্যায়ের পঞ্চায়েত কমিটির প্রাথমিক কার্যকরী পরিষদ, বিভিন্ন ভ্যালি কার্যকরী পরিষদ এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদের বিভিন্ন পদে ভোটাভুটি হবে।

নির্বাচনের তফসিল ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা। তিনি বলেন, দীর্ঘদিন ধরে চা শ্রমিকেরা দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছেন। অবশেষে নির্বাচনের তফসিল ঘোষণা করায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

বিজয় হাজরা আরও বলেন, তাঁরা একটি অবাধ, সুন্দর ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছেন। নবনির্বাচিত নেতৃত্ব শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া আদায়, মজুরি ও অধিকারসংক্রান্ত দীর্ঘদিনের সমস্যার সমাধান এবং বাগান পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছেন তিনি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর