শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

কুলাউড়ায় ঘুমের মধ্যে সাপের কামড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১০/২০২৬ ০৬:২০:৪৩ অপরাহ্ন

কুলাউড়ায় ঘুমের মধ্যে সাপের কামড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু


রাতের নিস্তব্ধতায় ঘুমিয়ে ছিল সুনিয়া আক্তার। কিন্তু সেই ঘুম আর ভাঙেনি। বিষাক্ত সাপের কামড়ে প্রাণ হারিয়েছে মৌলভীবাজারের কুলাউড়ার ১৫ বছর বয়সী এই মাদ্রাসাছাত্রী। দশম শ্রেণির শিক্ষার্থী সুনিয়ার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও পুরো এলাকায়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের আব্দুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুনিয়া আক্তার ওই গ্রামের কুদ্দুছ মিয়ার দ্বিতীয় মেয়ে। সে চৌধুরী বাজার জি.এস. কুতুবশাহ আলিম মাদ্রাসার দশম শ্রেণিতে পড়ত।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে নিজের ঘরে ঘুমন্ত অবস্থায় একটি বিষাক্ত সাপ সুনিয়াকে কামড় দেয়। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাপে কামড়ে নিহত শিক্ষার্থীর মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি চেয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে।

সুনিয়ার অকাল মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছেন পরিবারের সদস্য, স্বজন, সহপাঠী ও শিক্ষকরা। শোকের আবহ বিরাজ করছে পুরো আব্দুলপুর গ্রামে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর