সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

ফেসবুকে বিতর্কিত পোস্টের পর জামালগঞ্জের এসিল্যান্ডকে বদলি

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১০/২০২৬ ১০:১০:২৯ পূর্বাহ্ন

ফেসবুকে বিতর্কিত পোস্টের পর জামালগঞ্জের এসিল্যান্ডকে বদলি


সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্তকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) বিকেলে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয় বলে জানিয়েছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল।

এদিকে আরিফুর রহমান বর্তমানে ঢাকার পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার বিকেলে তাঁর স্ত্রী ও উপজেলা প্রশাসনের এক কর্মী তাঁকে সিলেট থেকে ঢাকায় নিয়ে যান।

শুক্রবার রাত সোয়া ১০টার দিকে নিজের দাপ্তরিক ফেসবুক পেজে পরপর দুটি পোস্ট দেন আরিফুর রহমান। একটি পোস্টে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে’। অন্য পোস্টে তিনি লেখেন, ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’।

পোস্ট দুটি দেখে পুলিশসহ পরিচিতজনেরা তাঁর বাসায় ছুটে যান। পরে গভীর রাতে তাঁকে জামালগঞ্জ থেকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য শনিবার বিকেলে তাঁর স্ত্রী ও অন্যরা তাঁকে ঢাকায় নিয়ে যান।

ঘটনার বিষয়ে জামালগঞ্জের ইউএনও শিল্পী রানী মোদক জানান, শুক্রবার ছিল তাঁর তিন বছর বয়সী মেয়ের জন্মদিন। রাতে কেক কাটার আয়োজনে আরিফুর রহমান স্ত্রীসহ তাঁর বাসায় উপস্থিত হন। সেখান থেকে বের হওয়ার পর রাত সোয়া ১০টার দিকে আরিফুর রহমান ফেসবুকে পোস্ট দেন।

ইউএনওর ভাষ্য অনুযায়ী, পোস্ট দেখার পর অনেকে আরিফুর রহমানের বাসায় যান এবং পুলিশও সেখানে আসে। এর আগে তিনি বাসায় থাকা এক আনসার সদস্যকে মারধর করেন এবং ঘরের কাচ ভাঙেন বলে জানান ইউএনও।

শিল্পী রানী মোদক আরও বলেন, বাসায় গিয়ে আরিফুর রহমানকে অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়। তিনি পরিচিত ব্যক্তিদেরও চিনতে পারছিলেন না। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসককে ডাকা হয়। আরিফুর রহমানের স্ত্রী দুটি ইনজেকশনের কথা বললেও সেগুলো পাওয়া যায়নি। পরে তাঁকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়। এরপরও তাঁর আচরণ স্বাভাবিক না হওয়ায় স্ত্রী তাঁকে সিলেটে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

আরিফুর রহমান প্রায় দুই মাস ধরে জামালগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি স্ত্রীকে নিয়ে উপজেলা সদরে বসবাস করতেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর