বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

সৌদি আরবে প্রাইভেট কারের চাপায় প্রাণ গেল হবিগঞ্জের জসিমের

প্রবাস জীবন ডেস্ক

প্রকাশিত: ২২/১০/২০২৬ ০৩:৫৫:৪৪ অপরাহ্ন

সৌদি আরবে প্রাইভেট কারের চাপায় প্রাণ গেল হবিগঞ্জের জসিমের


সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের প্রবাসী যুবক জসিম উদ্দিন (২৫)। দ্রুতগতির একটি প্রাইভেট কারের চাপায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বুধবার (২১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জসিম উদ্দিন শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখলা গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। পরিবারের সদস্যদের ভাষ্য, জীবিকার সন্ধানে তিন বছর আগে সৌদি আরবে পাড়ি জমান তিনি।

পরিবারের সূত্রে জানা গেছে, ঘটনার দিন কর্মস্থল থেকে ফেরার পথে দ্রুতগতিতে আসা একটি প্রাইভেট কার জসিমকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সৌদি আরবে থাকা জসিমের স্বজন ও সহকর্মীরা দুর্ঘটনার খবর তাঁর পরিবারকে জানান। মৃত্যুর সংবাদ বাড়িতে পৌঁছানোর পর শোকের মাতম শুরু হয়। পরিবারের উপার্জনক্ষম সদস্য ও প্রিয় সন্তানকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন স্বজনেরা।

প্রতিবেশীরা জানান, দুই ভাই ও দুই বোনের মধ্যে জসিম ছিলেন সবার ছোট। তাঁদের ভাষ্য, শান্ত স্বভাবের জসিম ছিলেন পরিশ্রমী। পরিবারের আর্থিক অবস্থার উন্নতির আশায় প্রবাসে গিয়ে এভাবে তাঁর মৃত্যু হবে, তা মেনে নিতে পারছেন না কেউ।

জসিমের দুই চাচাতো ভাই সৌদিপ্রবাসী রাজু ও শিপন জানান, প্রাইভেট কারের চাপায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বর্তমানে তাঁর মরদেহ সৌদি আরবের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা চেয়েছে শোকসন্তপ্ত পরিবার ও এলাকাবাসী।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর