বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

মুখের ছবি বিশ্লেষণ করে ক্যানসার রোগীর বেঁচে থাকার ঝুঁকি নির্ণয় করবে এআই

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ২২/১০/২০২৬ ০৯:৫৭:০৬ পূর্বাহ্ন

মুখের ছবি বিশ্লেষণ করে ক্যানসার রোগীর বেঁচে থাকার ঝুঁকি নির্ণয় করবে এআই


স্মার্টফোনে তোলা সাধারণ একটি মুখের ছবি থেকেই ক্যানসার রোগীর শারীরিক অবস্থা ও বেঁচে থাকার ঝুঁকি সম্পর্কে ধারণা দিতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। যুক্তরাষ্ট্রের চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান মাস জেনারেল ব্রাইগ্যামের গবেষকেরা এমন একটি এআই টুল তৈরি করেছেন, যা রোগীর মুখের ছবি বিশ্লেষণ করে সম্ভাব্য ঝুঁকির পূর্বাভাস দিতে পারে।

চিকিৎসাবিষয়ক আন্তর্জাতিক সাময়িকী *দ্য ল্যানসেট ডিজিটাল হেলথ*-এ প্রকাশিত এক গবেষণায় এ প্রযুক্তির কথা তুলে ধরা হয়েছে। গবেষকদের দাবি, প্রায় চার কোটি মানুষের মুখের ছবি ব্যবহার করে এআই মডেলটিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

প্রযুক্তিটি মুখের সূক্ষ্ম বলিরেখা, ত্বকের ভাঁজ এবং চোখের নিচের বিভিন্ন পরিবর্তন বিশ্লেষণ করে শরীরের জৈবিক বয়স সম্পর্কে ধারণা দেয়। অর্থাৎ, প্রকৃত বয়সের তুলনায় শরীর কতটা বুড়িয়ে গেছে, তা মূল্যায়নের চেষ্টা করে। ক্যানসারের মতো গুরুতর রোগের কারণে শরীরে দ্রুত পরিবর্তন ঘটতে পারে। এআই মডেলটি মুখের এসব পরিবর্তন শনাক্ত করে রোগীর শারীরিক অবস্থার সম্ভাব্য চিত্র তুলে ধরতে পারে।

গবেষকদের মতে, ক্যানসার রোগীর বড় অস্ত্রোপচার বা কেমোথেরাপির মতো জটিল চিকিৎসা নেওয়ার সক্ষমতা মূল্যায়নে এ ধরনের প্রযুক্তি সহায়ক হতে পারে। মুখের ছবি বিশ্লেষণ করে পাওয়া তথ্য চিকিৎসকদের রোগীর শারীরিক অবস্থা সম্পর্কে প্রাথমিক ধারণা দিতে পারে।

এআইয়ের মূল্যায়নে রোগীর জৈবিক বয়স প্রকৃত বয়সের তুলনায় বেশি দেখা গেলে চিকিৎসকেরা তাঁর চিকিৎসার ঝুঁকি আরও সতর্কভাবে বিবেচনা করতে পারবেন। সে অনুযায়ী রোগীর শারীরিক সক্ষমতা ও প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে চিকিৎসা পরিকল্পনা তৈরির সুযোগ তৈরি হতে পারে।

তবে এই প্রযুক্তি প্রচলিত পরীক্ষার বিকল্প নয়। রক্ত পরীক্ষা, বায়োপ্সি কিংবা অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা পরীক্ষার পরিবর্তে এটি ব্যবহার করা যাবে না। বিশেষ করে উন্নত পরীক্ষার সুযোগ সীমিত এমন হাসপাতালে রোগীর শারীরিক অবস্থা দ্রুত প্রাথমিকভাবে মূল্যায়নে প্রযুক্তিটি সহায়ক হতে পারে বলে আশা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের প্রত্যাশা, যথাযথ যাচাই ও চিকিৎসাক্ষেত্রে কার্যকর প্রয়োগ নিশ্চিত করা গেলে এআইভিত্তিক এই প্রযুক্তি ক্যানসার রোগীদের ঝুঁকি মূল্যায়ন এবং চিকিৎসা পরিকল্পনা তৈরিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করতে পারে।

আজকের সিলেট/ ডিএম / জেকেএস

সিলেটজুড়ে


মহানগর