সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

দিরাইয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল তরুণের, আহত আরেকজন

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১০/২০২৬ ১২:২৫:০৮ অপরাহ্ন

দিরাইয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল তরুণের, আহত আরেকজন


সুনামগঞ্জের দিরাইয়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হিমেল দাস (১৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় জয় দাস (২০) নামে আরেক তরুণ গুরুতর আহত হয়েছেন। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রোববার (১৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে দিরাই-শ্যামারচর সড়কের ভরারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হিমেল দাস দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের মাহাতাপপুর গ্রামের মতি লাল দাসের ছেলে। আহত জয় দাস একই গ্রামের জহরলাল দাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় রাজানগর ইউনিয়নের জাহানপুর গ্রামের নুরুল হকের ছেলে তামিম মিয়া ও রন্নারচর গ্রামের ফয়জুল মিয়ার ছেলে সাইফুল মিয়া একটি মোটরসাইকেলে দিরাই থেকে বাড়ি ফিরছিলেন। অন্যদিকে, হিমেল ও জয় আরেকটি মোটরসাইকেলে দিরাই সদরের দিকে যাচ্ছিলেন। ভরারগাঁও এলাকায় পৌঁছালে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে হিমেল ও জয় গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের সিলেটে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় হিমেলের মৃত্যু হয়।

দুর্ঘটনায় অন্য মোটরসাইকেলে থাকা তামিম ও সাইফুলের শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে জানতে তামিমের বাবা নুরুল হকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর তাঁরা পেয়েছেন। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর