এসআরবি-৯-এর অধিনায়ক কমান্ডার মো. তাজমিনুর রহমান চৌধুরী। ছবি: সোহেল আহমেদ
শারদীয় দুর্গাপূজা ঘিরে সিলেট বিভাগে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। পূজামণ্ডপের নিরাপত্তায় চার শতাধিক সদস্য মোতায়েনের পাশাপাশি নিয়মিত টহল, সাইবার নজরদারি ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্ট্রাইকিং রিজার্ভ টিম প্রস্তুত রাখা হয়েছে।
রোববার দুপুরে সিলেট নগরীর মাছুদিঘীর পাড়ের ত্রিনয়নী সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব তথ্য জানান এসআরবি-৯-এর অধিনায়ক কমান্ডার মো. তাজমিনুর রহমান চৌধুরী।
তিনি বলেন, এ বছর সিলেট জেলা ও মহানগর এলাকায় ৬৩৪টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। উৎসব শান্তিপূর্ণভাবে উদ্যাপন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ, আনসানসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে এসআরবি-৯।
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় নিয়ন্ত্রণকক্ষ চালু রাখা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপতথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা ঠেকাতে সার্বক্ষণিক সাইবার নজরদারি চলছে। জরুরি প্রয়োজনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে স্ট্রাইকিং রিজার্ভ টিম।
এসআরবি-৯-এর অধিনায়ক বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে জোরদার নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
এ সময় কোনো পূজামণ্ডপে বা আশপাশে সন্দেহজনক ব্যক্তি কিংবা তৎপরতা নজরে এলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি।
এসআরবি-৯ জানিয়েছে, শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে।
আজকের সিলেট/ জেকেএস









