শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

সিলেটে নির্মাণাধীন ভবন থেকে প্রহরীর মরদেহ উদ্ধার, আটক ১৩ শ্রমিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬/১০/২০২৬ ০৪:৫০:২৮ অপরাহ্ন

সিলেটে নির্মাণাধীন ভবন থেকে প্রহরীর মরদেহ উদ্ধার, আটক ১৩ শ্রমিক


সিলেট নগরীর খাদিমপাড়ায় একটি নির্মাণাধীন ভবন থেকে ইরফান আলী নামে এক প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ৪ নম্বর রোডের নুর প্যালেসের চতুর্থ তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ভবনে কর্মরত ১৩ জন শ্রমিককে আটক করেছে পুলিশ।

ইরফান আলী ওই ভবনে প্রায় আড়াই বছর ধরে প্রহরীর দায়িত্ব পালন করছিলেন। তিনি গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের নয়াগ্রামের বাসিন্দা।

স্থানীয়রা নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় তাঁর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে শাহপরাণ (রহ.) থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মরদেহের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ভবনে কর্মরত ১৩ জন শ্রমিককে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি হাতুড়ি ও লোহার মতো দেখতে একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর