শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

মহাসপ্তমীতে পূজামণ্ডপে ভক্তদের ঢল, সিলেটে উৎসবের আমেজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭/১০/২০২৬ ০১:১২:৩৮ অপরাহ্ন

মহাসপ্তমীতে পূজামণ্ডপে ভক্তদের ঢল, সিলেটে উৎসবের আমেজ


শারদীয় দুর্গোৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ দিন মহাসপ্তমী আজ শনিবার। নবপত্রিকা স্নান ও স্থাপন, পূজা-অর্চনা এবং অঞ্জলি প্রদানের মধ্য দিয়ে সিলেটের বিভিন্ন পূজামণ্ডপে উদ্‌যাপিত হচ্ছে দিনটি। সকাল থেকেই সিলেটের বিভিন্ন স্থানের মণ্ডপে ভক্তদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এ বছর তিথির বিশেষ অবস্থানের কারণে ১৭ ও ১৮ অক্টোবর দুই দিন সপ্তমী পালিত হচ্ছে।

সপ্তমীর প্রধান ধর্মীয় আচার নবপত্রিকা স্নান ও স্থাপন। নয়টি উদ্ভিদের সমন্বয়ে তৈরি নবপত্রিকাকে দেবী দুর্গার প্রতীক হিসেবে পূজা করা হয়। পূজার আনুষ্ঠানিকতায় ভক্তরা দেবীর কাছে শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।

সিলেটের বিভিন্ন পূজামণ্ডপে ধর্মীয় আচার পালনের পাশাপাশি চলছে ভক্তদের আনাগোনা। দুর্গোৎসবকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

সিলেটে এ বছর উৎসবের পরিধি বেড়েছে। এবার ৬৩৭টি মণ্ডপে পূজা উদযাপন হচ্ছে। 

এবার সিলেট জেলা ও মহানগর মিলিয়ে মোট ৬৩৭টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে জেলা পর্যায়ে সর্বজনীন ৪৪৮টি ও পারিবারিক ২৬টিসহ ৪৭৪টি এবং সিলেট মহানগর এলাকায় সর্বজনীন ১৪৭টি ও পারিবারিক ১৬টি মণ্ডপ রয়েছে।

উৎসব নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। আয়োজকদেরও সতর্কতা অবলম্বন এবং শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আগামী ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে এবারের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

আজকের সিলেট / জেকেএস

সিলেটজুড়ে


মহানগর