মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের ক্ষোভ, নানা অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩/১০/২০২৬ ০৯:৪১:২০ পূর্বাহ্ন

নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের ক্ষোভ, নানা অভিযোগ


নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন প্রবাসী বাংলাদেশি। এ সময় তাঁর বিরুদ্ধে মানুষ হত্যা, ব্যাপক গ্রেপ্তার ও গণতন্ত্র ধ্বংসের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রে আসার কারণ জানতে চান তাঁরা।

সোমবার (১২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। এর আগে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা থেকে বিমানবন্দরটিতে পৌঁছান ড. ইউনূস। তখন সেখানে উপস্থিত কয়েকজন তাঁকে উদ্দেশ করে বিভিন্ন অভিযোগ তোলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক ব্যক্তিকে বারবার ড. ইউনূসের যুক্তরাষ্ট্র সফরের কারণ জানতে চাইতে শোনা যায়।

ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আপনি সন্ত্রাসী। আপনি বাংলাদেশে মানুষ হত্যা করেছেন। কেন এখানে এসেছেন? আমাদের বলুন, কেন এসেছেন?’

একপর্যায়ে ওই ব্যক্তি বাংলাদেশে দুই লাখ মানুষকে গ্রেপ্তার এবং হাজার হাজার পুলিশ সদস্যকে হত্যার অভিযোগ করেন। একই সঙ্গে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের অভিযোগও তোলেন তিনি।

ভিডিওতে তাঁকে আরও বলতে শোনা যায়, ‘আপনি আমার দেশে হাজার হাজার পুলিশ সদস্যকে হত্যা করেছেন। কেন এখানে এসেছেন?’

তবে ভিডিওতে দেখা ব্যক্তিদের পরিচয় ও ঘটনার বিস্তারিত বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে ড. ইউনূসের পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূস। তাঁর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে দেশে ও বিদেশে বিভিন্ন সময়ে আলোচনা-সমালোচনা হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর